জনপ্রিয় নির্মাতা সোহেল আরমান, প্রায় তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। একাধারে নাট্যকার, পরিচালক, গীতিকার ও অভিনেতা তিনি। ২০১৫ সালে দেশসেরা নায়ক শাকিব খান ও আফসানা আরা বিন্দুকে জুটি করে নির্মাণ করেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত প্রথম চলচ্চিত্রটি সে সময় দর্শকমহলে বেশ সাড়া ফেলে। দ্বিতীয় চলচ্চিত্র ‘ভ্রমর’-এর বাকি থাকা ৪০ শতাংশ কাজ অচিরেই শেষ করতে চান এ নির্মাতা।

মাঝে বড় পর্দায় নির্মাণে বিরতি থাকলেও শিগগিরই ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন সোহেল আরমান। সিনেমার নাম ‘সংবাদ’। অভিনয় করবেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মণ্ডল। আগামী সপ্তাহে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিংয়ের পরিকল্পনা ও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সোহেল আরমান।

বড় পর্দায় বিরতি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখনো সংখ্যা বাড়ানোর চিন্তা করে কাজ করি না। প্রয়োজনে কাজ কম করব, তবে দর্শকমনে গেঁথে যাবে এমন কিছু করার চেষ্টা থাকে সবসময়। আশা করছি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

সিনেমার গল্প প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘গল্পটা অনেক পুরনো, ১৮৭২ সালের। সে সময়ের জমিদার বাড়ির একটি হারানো গল্পে এটি নির্মাণ হবে। তবে প্রেমের নয়, একটা গ্রামের গল্প। জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় যুক্ত হয়েছি। একেবারে নতুন একটি চরিত্রে দেখা যাবে আমায়।’ আইশা খান বলেন, ‘আমি খুবই এক্সাইটেড যে খোকন ভাইয়ের গল্পে সোহেল আরমান ভাইয়ের নির্দেশনায় কাজ করব। সোহেল আরমান ভাই এরই মধ্যে নির্মাতা হিসেবে নিজেকে চিনিয়েছেন। আমি তার লেখার ভীষণ ভক্ত। গল্পটা অনেক সুন্দর, যার কারণে কিছু চিন্তা না করেই কাজটি করতে রাজি হয়েছি। আমার চরিত্রে চমক আছে, যা সিনেমাটি মুক্তি পেলে দর্শক দেখতে পারবে।’

সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। সোহেল আরমান ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। এ মুহূর্তে চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। এটা দর্শকদের জন্য চমক থাকবে।’