ভিন্নধর্মী গল্পের জন্য জনপ্রিয় ভিকি জাহেদ। এ নির্মাতা টেলিভিশন ও ওয়েবমাধ্যমে ভিন্নভাবে গল্প উপস্থাপনায় পটু। গত বছর জুড়েই এমন কয়েকটি নির্মাণ নিয়ে আলোচনায় ছিলেন ভিকি। এবার তিনি জানালেন, তার নতুন কাজের কথা। ওয়েব সিরিজ ‘টিকিট’ নিয়ে আসছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম চরকিতে টিকিটের স্ট্রিমিং শুরু হবে বলে জানান ভিকি।

সিরিজটি নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল, এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তী সময়ে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের একটা জনরা।’

কাজের অভিজ্ঞতা জানতে চাইলে ভিকি জাহেদ বলেন, ‘এ সিরিজের অভিনেতাদের সঙ্গে আগেও কাজ করেছি। নতুন অভিজ্ঞতা ছিল সিয়ামের সঙ্গে কাজ করা। দর্শকরা নতুন সিয়াম, সাফা ও মনোজকে একদম নতুনভাবে দেখবে এ সিরিজে। টিকিট সবচেয়ে ভিন্ন রকম কিছু হবে। আর আমরা সবসময় দর্শককে বিনোদন দেয়ার জন্যই কাজ করি। সেটা এ কনটেন্ট সবচেয়ে বেশি পাবে আশা করছি।’

মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনের এ সিরিজে অভিনয় করেছেন একঝাঁক তারকা। সিরিজটির বিভিন্ন চরিত্রে থাকবেন সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম প্রমুখ।

এ সিরিজে একেবারে ভিন্নভাবে দেখা মিলবে সিয়াম আহমেদের। এ নিয়ে জানতে চাইলে সিয়াম বলেন, ‘এ সিরিজে আমার চরিত্রের নাম সালেক। এ চরিত্র আমি ঠিক কতখানি করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। উনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি। সালের চরিত্রটা তার লুকের জন্য আরো আলাদাভাবে নজর কাড়বে বলে আমি মনে করি। সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে এটা অন্য সব গল্প থেকে একদম আলাদা। ভালো মানুষ খারাপ মানুষের একটা অদ্ভুত মিশ্রণ এখানে আছে।’

এছাড়া সাফা কবিরকেও এ সিরিজে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সাফা বলেন, ‘কাজটা বেশকিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সঙ্গে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।’

পরিচালক ও সহশিল্পীদের নিয়ে সাফা বলেন, ‘ভিকি ভাইয়ের গল্পসহ কাজের ভক্ত আমি। আমরা একসঙ্গে বেশকিছু কাজ করেছি। সহশিল্পী হিসেবে সিয়াম খুবই একনিষ্ঠ একজন অভিনেতা। তার মতো কঠোর পরিশ্রমী অভিনেতা খুব কমই। আর মনোজদা টিচারের মতো। উনার থেকে নিজের চরিত্রটি তৈরি করতে সাহায্য পাই। সব শিল্পী কাজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছে।’

আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, ‘সিরিজে আমার চরিত্র আর বাস্তবে আমি দুটি দুই মেরুর চরিত্র। এ চরিত্র করতে আমার কাছে খুব মজা লেগেছে। আর এটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ও কিছুটা এ রকম। আর সব চরিত্রই ফুটিয়ে তোলা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প। আশা করি, দর্শক কাজটা পছন্দ করবে।’ ২০২৩ সালের শেষ দিকে ওয়েব সিরিজ টিকিটের শুটিং শেষ করা হয়েছে।

গত বছরের শুরুতেই ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ দিয়ে প্রশংসা পেয়েছিলেন ভিকি জাহেদ। এ বছর টিকিট দিয়ে কী চমক নিয়ে আসছেন এ নির্মাতা, সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।