তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শীর্ষক এ সংগীতের যাত্রা চলবে আগামী জুনের শেষ পর্যন্ত। চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। পুরো সময়টায় নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।

ব্যান্ডটির ভোকাল সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘‌সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্ক্ষীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন, যেন সব সুন্দরভাবে সম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’

বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। ‘দ্য গ্লোবাল বাংলাদেশী ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ ও ২০১৬ সালে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল। এছাড়া গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেনু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বসংগীতের কিংবদন্তি ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।

এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল সাউথ বাই সাউথ ওয়েস্টে’এ বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ইন্ডিয়া, মালয়শিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।

তারই ধারাবাহিকতায় এ ট্যুর আয়োজন করছে ইউএসএর জ্যামিং এন্টারটেইনমেন্ট ও দৃক। ২০০২ সালে চিরকুট প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দলটি বেড়ে উঠেছে শ্রোতাদের ভালোবাসা নিয়ে। এখন অবধি চিরকুটের অ্যালবামের সংখ্যা তিনটি। এছাড়া বর্তমানে তাদের চতুর্থ অ্যালবামের প্রস্তুতি চলছে। এর নাম

‘‌পেন্ডুলাম’। চলতি বছরের শেষদিকে অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন সুমি।