চলচ্চিত্র ব্যক্তিত্ব ফজলুল হকের নামে প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২০-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়ক আলমগীর এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শামীম আলম দীপেন এ পুরস্কার পাচ্ছেন। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট পাবেন বিজয়ীরা। ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এ পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।
দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হক। তার প্রেসিডেন্ট ছবিটি যখন নির্মিত হয়, তখন ঢাকায় প্রযোজিত চলচ্চিত্রের সংখ্যা হাতেগোনা কয়েকটি। পরে তিনি ‘উত্তরণ’
নামে আরো একটি সিনেমা পরিচালনা করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন চলচ্চিত্রের এ গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকির প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ’
নামে একটি প্রতিষ্ঠান।
উল্লেখ্য, এরই মধ্যে যারা এ পুরস্কার পেয়েছেন— সাইদুল আনাম টুটুল ও ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হকসহ (২০০৯) আরো অনেকে।










