ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে নির্মিত দ্য রেলওয়ে মেন স্ট্রিম হচ্ছে নেটফ্লিক্সে। সিরিজে অভিনয় করেছেন কেকে মেনন। যশরাজ ফিল্মসের ডিজিটাল বিভাগ যশরাজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে সিরিজটি। যশরাজের এটিই প্রথম ওটিটি কনটেন্ট। ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে নির্মিত সিরিজে এসেছে ব্যবসায়ী ও ভারত সরকারের কয়েকটি বিভাগের অবহেলার কথা। এ ধরনের কনটেন্ট সাধারণত নির্মাণ করে না যশরাজ ফিল্মস। তাদের সুনাম ফিচার ফিল্ম নির্মাণের ক্ষেত্রে। তারা গুরুত্ব দেয় ড্রামা, অ্যাকশন ও রোমান্সে। তাই সিরিজের জন্য কেকে মেননকে প্রস্তাব দিলে তিনি প্রথমে বিশ্বাস করেননি যশরাজ এটি নির্মাণ করবে। তাই মেনন জিজ্ঞেস করেছিলেন, ‘‌চিত্রনাট্যে যা আছে সত্যিই তা নির্মাণ করবেন আপনারা?’

সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে নীলেশ মিশ্র একটি ভিডিও প্রকাশ করেছেন। তার সঙ্গে মেনন কথা বলেছিলেন সিরিজ নিয়ে। মেনন বলেন, ‘‌আমি যশরাজ ফিল্মস থেকে একটা ফোনকল পাই। আমি ভেবেছিলাম তাদের কোনো একটা চলতি সিনেমার বিষয়ে কথা বলবে। কিন্তু তারা বলল ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে সিরিজ তৈরি করবে। আমার মনে হয়েছিল তারা জিনিসটা ঠিকমতো বানাতে পারবে না।’

কেকে মেনন জানান, তিনি চরিত্রটি ফিরিয়ে দেয়ার জন্য অজুহাত খুঁজতে শুরু করেন। কিন্তু যশরাজের প্রতিনিধি তাকে উৎসাহ দিচ্ছিলেন। এরপর তার হাতে চিত্রনাট্য আসে এবং মেনন অবাক হয়েছিলেন। তিনি বলেন, ‘‌চিত্রনাট্য আমাকে বাকরুদ্ধ করেছিল। এত বিস্তারিত ও নিখুঁত চিত্রনাট্য আমি আশা করিনি। তার পরেই জিজ্ঞেস করে বসি, “আসলেই আপনারা এ চিত্রনাট্য অনুসরণ করে সিরিজ নির্মাণ করবেন?’’ তারা নিশ্চয়তা দিয়েছিলেন যে তারা কাজটা চিত্রনাট্য অনুসারেই করবেন। তার পরেই আমি নির্মাতাদের সঙ্গে দেখা করি।’

গত শনিবার থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে দ্য রেলওয়ে মেন। এতে কেকে মেননের সঙ্গে অভিনয় করেছেন বাবিল খান, আর মাধবান, দিব্যেন্দু শর্মা, দিব্যেন্দু ভট্টাচার্য, সানি হিন্দুজা ও জুহি চাওলা। সিরিজটি দর্শকের প্রশংসা পাচ্ছে। এ সিরিজে ভোপাল জংশনের স্টেশন মাস্টার ইফতেখার সিদ্দিকির চরিত্রে অভিনয় করেছেন কেকে মেনন। কভিড-১৯-এর মধ্যেও বড় কাস্ট নিয়ে চমৎকার কাজ করার জন্য তিনি যশরাজ ও সিরিজের পরিচালক শিব রাওয়ালকে ধন্যবাদ দিয়েছেন।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস