কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। তারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ২২তম পর্বে অতিথি হয়ে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শুভাশিস ভৌমিক। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র কল্যাণে ‘কাশেম টিভির রিপোর্টার’ হিসেবে সমধিক পরিচিত এ অভিনেতা। আর এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। যা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যেতে। আশা করি আমাদের চেষ্টা সফল হবে’।
অতিথি শুভাশিস ভৌমিক বলেন, ‘এই আয়োজনটি একটি ব্যতিক্রম আয়োজন। এখানে নিজের জীবনের এমন অনেক কথা অনায়াসে বলা যায়, যা সাধারণত বলার সুযোগ হয় না। আমি মন খুলে কথা বলেছি। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে।’










