আজ মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা ‘শ্যামা কাব্য’। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায়। গত বছর মুক্তির কথা থাকলেও সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ। আর এর মধ্য দিয়েই সিনেমায় অভিষেক হচ্ছে নওরিন হাসান জেনির। তিনি বাংলাদেশের টিভি নাটকের পরিচিত মুখ, বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন। এবার অভিনয় ক্যারিয়ারে নতুন একটি পালক যুক্ত হচ্ছে জেনির। 

শ্যামা কাব্যে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদ ভাই এমনই একজন নির্মাতা, যিনি শুটিং চলাকালে বলেন না যে তিনি আসলে কী চাচ্ছেন। তবে তিনি বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন যে চরিত্রটি এমন। এরপর শিল্পীর ওপর আস্থা রেখে শুটিং করেন। শিল্পী যদি তার চিন্তার চেয়েও ভালো কিছু করেন এবং সেটা যদি সৌদ ভাইয়ের ভালো লেগে যায়, তবে তিনি ভীষণ খুশি হন। শ্যামা কাব্যর শুটিং করতে গিয়ে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।’ 

এ সিনেমার মধ্য দিয়ে জেনির অভিষেক হচ্ছে বড় পর্দায়। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সৌদ ভাইয়ের প্রতি, কারণ তিনি আমাকে প্রথমবার সিনেমায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। শ্যামা কাব্য আমার জীবনের অন্যতম কাজ হয়ে বুকের গহিনে থেকে যাবে। কারণ এটি আমার প্রথম সিনেমা।’

৩০ এপ্রিল সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। যাতে সিনেমার সব অভিনয়শিল্পীসহ উপস্থিত ছিলেন এর প্রযোজক সুবর্ণা মোস্তফা। প্রিমিয়ার শো নিয়ে জেনি বলেন, ‘প্রিমিয়ার শোর পর সবাই সিনেমাটি নিয়ে এত প্রশংসা করছিল যে সত্যিই মনটা আনন্দে ভরে গিয়েছিল। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুরো শ্যামা কাব্যর টিমের প্রতি। অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধেয় সুবর্ণা মোস্তাফা আপার প্রতি, আমাদের এত এত ভালোবাসা দেয়ার জন্য, আমাদের ওপর আস্থা রাখার জন্য।’

সিনেমাটিতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, সাজু খাদেম প্রমুখ। আর জেনির বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।