মুক্তির সাত দিনেও ভারতীয় বক্স অফিসে ১৫০ কোটি রুপির কোটা পূরণ করতে পারেনি হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ফাইটার। তবে পাঠানের পর এ সিনেমাটিও ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির পর গতকাল বুধবার (৩১ জানুয়ারি) সিনেমাটির
আয় হয়েছে ৬ কোটি ৩৫ লাখ রুপি, মুক্তির পর একদিনের হিসেবে সর্বনিম্ন আয়। প্রথম চার দিনে
১০০ কোটি রুপি আয় হলেও পরের তিন দিনে পূরণ হয়নি ৫০ কোটি রুপির ঘর। তবে গত সাত দিনে
বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২২৯ কোটি ৮ লাখ রুপি।
এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে সিনেমাটির
আয় ১৪০ কোটি ৩৫ লাখ রুপি। ডানকি এবং টাইগার-৩ এর তুলনায় এ সিনেমাটির আয় এখনও অনেক কম।
ডানকি তার প্রথম সাত দিনেই আয় করেছিল ১৫২ কোটি রুপি। অন্যদিকে প্রথম সাত দিনে টাইগার-৩
এর আয় ছিল ২১৪ কোটি রুপি।
ফাইটার-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি
বেঁধেছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি হৃতিকের
তৃতীয় সিনেমা। এর আগে ২০১৯ সালে সিদ্ধার্থের ওয়ার সিনেমায় অভিনয় করেছিলেন হৃতিক। হৃতিকের
ওই সিনেমাটির আয় ছিল ২০৮ কোটি রুপি।










