আলোকচিত্রী ও ফটো জার্নালিস্ট হিসেবে রঘু রাই পরিচিত। ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক ছিলেন তিনি। বাংলাদেশেও তিনি পরিচিত। এর কারণ মুক্তিযুদ্ধের সময়কার তার তোলা বেশকিছু ছবি। মূলত ভারতের শরণার্থী শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশীদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। এখানেই শেষ নয়। জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য তুলেছিলেন নিজের ক্যামেরায়। চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যও তার ক্যামেরায় ধারণ করেছিলেন। তাকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। জোবায়ের ইকবালের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ড. রুবানা হক। এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন ছবি তোলার অভিজ্ঞতা ও নিজের জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন রঘু রাই।
রঘু রাইয়ের তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি ছবিগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় তার তোলা ছবিগুলো নিয়ে ‘রাইজ অব আ নেশন’ নামের একটি বই প্রকাশনার কাজ চলছে। সেখানে প্রায় ১৫০টি ছবি থাকবে। এর অনেক ছবিই দেশে আগে প্রদর্শিত হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয় ‘রাইজ অব আ নেশন’ নামের বিশেষ প্রদর্শনী। এ উপলক্ষে ঢাকায় এসেছেন রঘু রাই। তার বইয়ের নামেই মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ এ অনুষ্ঠান।










