একদম বামে নিচের দিকে এক জোড়া রক্তাক্ত পা দেখা যাচ্ছে। প্রথম দেখে বোঝা দায়, যার পা সে জীবিত নাকি মৃত। এ পা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একজন কিশোরী ও একজন নারী। তারপর একজন লাল রঙা জ্যাকেট ও চোখে একটু ভিন্ন ধরনের চশমা পরা পুরুষ আছেন চেয়ারে বসে। আর একদম ডানে দাঁড়িয়ে আছেন আরেকজন পুরুষ। তার সামনেও ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু রক্তের কণা। যেটার বর্ণনা ওপরে করা হলো, সেটা কোনো ক্রাইম জোনের নয়। এ রকম দৃশ্যের দেখা মিলেছে চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’-এর পোস্টারে, যার পরিচালনা করেছেন সালজার রহমান। ২ মে বিকালে চরকির অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা পোস্টারটিতে দেখা যায় চঞ্চল চৌধুরী, এফএস নাঈম ও তানজিকা আমিনকে। সিরিজে দেখা মিলবে আরো অনেক অভিনেতা-অভিনেত্রীর।

চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময়েই তাদের যাত্রা শুরু করে। চরকির শুরু থেকেই ‘ঊনলৌকিক’ নির্মাণ দিয়ে পাশে ছিল ফিল্ম সিন্ডিকেট। এ পর্যন্ত বেশ ভালো ও দুর্দান্ত কিছু কনটেন্ট নির্মাণ করে বাংলাদেশের কনটেন্ট জগতে একটা সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় যে আগামী তিন বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। সে অনুযায়ী খুব শিগগির চরকিতে মুক্তি পাবে এ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ কালপুরুষ। 

পরিচালক সালজার রহমান আগে নির্মাণ করেছেন বেশকিছু জনপ্রিয় মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এবারই প্রথম। সিরিজের আইডিয়া বা গল্পের ধারণা তিনি কীভাবে পেয়েছেন, এ প্রশ্নের উত্তরে সালজার বলেন, ‘অনেক আগে পুরনো ঢাকার একটি ওষুধের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে নানা কারণে এ সিরিজের গল্পটা মাথায় আসে। এরপর কভিডের সময় সিরিজটা লিখেছিলাম। তারপর নানা ঘটনার পর সিরিজটা লেখা শেষ হয়।’