মানুষ ও রোবটের প্রেমের মতো ব্যতিক্রমী গল্পে নির্মিত হয়েছে ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’। শহীদ কাপুর ও কৃতি শ্যাননের রম-কম ধাঁচের এ বলিউড ছবি নিয়ে প্রত্যাশাও বেশি ছিল না। সে হিসেবে প্রথম দিনে ‘মন্দের ভালো’ আয় করেছে দীর্ঘ নামের সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পাওয়া ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’র কারণে কোণঠাসা হয়ে পড়েছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের দেশপ্রেমের সিনেমা ‘ফাইটার’।

প্রতিবেদন অনুসারে, প্রথমদিন বক্স অফিসে ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। খুব বেশি না হলেও ছবির ধরন, বাজেট ও হাইপ মিলিয়ে মন্দ নয় এ আয়। শনিবার ও রোববার আয় বেড়ে অর্ধ শতকের কাছাকাছি পৌঁছাতেও পারে। এরপর মঙ্গলবার ও বুধবার নাগাদ ভালোবাসা দিবসের সুবিধা পাবে।

এদিকে মুক্তির তৃতীয় শুক্রবারে বক্স অফিসে দুই কোটির কম আয় করেছে ‘ফাইটার’। এদিনের ১ কোটি ৭৫ লাখ রুপি মিলিয়ে ভারতের বাজারে মোট আয় দাঁড়িয়েছে ১৮৯ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির পরপর চমক দেখালেও দ্রুতই আয় কমতে শুরু করে ‘ফাইটার’-এর। প্রথম সপ্তাহে আয় করেছিল ১৪৬ কোটি ৫০ লাখ রুপি।

নতুন ছবি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’য় শহীদ ও কৃতির সঙ্গে আছে ডিম্পল কাপাডিয়া ও ধর্মেন্দ্র।