মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘দ্য মার্ভেলস’। সিনেমাটি মূলত ক্যাপ্টেন মার্ভেলের দ্বিতীয় কিস্তি। কিন্তু এখানে যুক্ত হয়েছে আরো দুটি সাবপ্লট ও চরিত্র। এর মধ্যে প্রধান হিসেবে আসবে মিস মার্ভেল চরিত্রটি। টেলিভিশন সিরিজের মাধ্যমে মিস মার্ভেলকে পরিচয় করানো হয়েছিল। প্রধান চরিত্রে ছিলেন ইমান ভেলানি। সেখানেই জানানো হয়েছিল কামালা খান ফিরবেন ‘দ্য মার্ভেলস’ সিনেমায়।
যথারীতি ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে থাকছেন ব্রি লারসন। তাকে কেন্দ্র করেই গল্প আগাবে এবং এবারের সিনেমায় এগিয়ে নিয়ে যাওয়া হবে ক্যাপ্টেন ও মিস মার্ভেলের গল্প। সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে এক মাস আগে। আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে চলছে এর প্রচারণা। কিন্তু প্রচারণায় থাকছেন না ক্যাপ্টেন অর্থাৎ ব্রি লারসন।
হলিউডে চলমান ধর্মঘটের কারণে অনেক সিনেমার প্রচারেই হাজির হচ্ছেন না অভিনেতারা। এ কারণেই দ্য মার্ভেলসের প্রচারণায় থাকছেন না ব্রি। কেবল তিনিই নন, থাকছেন না ইমান ভেলানিও।
বিষয়টি এ মুহূর্তের জন্য স্বাভাবিক। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন ব্রি লারসন মার্ভেলের পঞ্চম পর্যায়ের সিনেমার জন্য ইন্টারভিউ ও নানা অনুষ্ঠানে থাকলেও কেন নিজের সিনেমার প্রচারেই থাকছেন না। মূলত আগের অনুষ্ঠানগুলো হয়েছিল ধর্মঘট শুরুর আগেই।
ফলে সেখানে থাকতে ব্রি লারসনের কোনো বাধা ছিল না।
কিন্তু মার্ভেলের বর্তমান অবস্থার কারণে সিনেমার প্রচারণায় অভিনেতাদের থাকা জরুরি ছিল। মার্ভেল তার পুরনো গতি হারিয়েছে অনেক আগেই। ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’ তুলনামূলক ভালো ব্যবসা করেছে, কিন্তু মার্ভেলের সাম্প্রতিক টিভি সিরিজ ‘সিক্রেট ইনভ্যাশন’ দর্শককে তুষ্ট করতে পারেনি। মামলার কারণে জোনাথন মেজর্সও আছেন দৃশ্যপটের বাইরে। এ অবস্থায় দর্শক ও গণমাধ্যমের সামনে মার্ভেলের তারকাদের থাকা একটি ভালো মনোভাব তৈরি করতে পারত। কিন্তু আদর্শিক কারণেই তারা কাজটি করতে পারছেন না।
দ্য মার্ভেলস মূলত মার্ভেলের সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পর দ্য মার্ভেলসেই মার্ভেল একটি নতুন ’টিম’কে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। এ সিনেমার মাধ্যমে মার্ভেলের সুপারহিরোদের মধ্যে আবার ফিরছেন নিক ফিউরি। কামালা খানকে নিয়ে সিরিজ বা সিনেমা এগিয়ে নেয়ার ক্ষেত্রেও প্রভাব রাখবে এ সিনেমার প্রতিক্রিয়া। প্রচারণা ব্যাহত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।
ব্রি লারসনকে প্রচারণায় পাওয়া না যাওয়ার কারণে সিনেমার মুক্তি পেছানোরও চিন্তা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মার্ভেল ঠিক করেছে সিনেমা পেছানো হবে না। তারা বিশ্বাস করছে ক্যাপ্টেন প্রচারণায় উপস্থিত না হলেও সিনেমায় তার উপস্থিতি দিয়েই দর্শক বিচার করবে।
সূত্র: ডিরেক্টডটকম










