বছরজুড়েই নানা আয়োজন রাখে দেশের অন্যতম নাট্যদল প্রাচ্যনাট। আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ নাটকটি। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। আগুনযাত্রা এ নাট্যদলের ৪১তম প্রযোজনা।
উমার গবেষণার বিষয় রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এ গবেষণার সূত্র ধরে সে কমলা নামের একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের দায়ে আনারকলি নামে তৃতীয় লিঙ্গের একজন হাজতবাস করছে। একপর্যায়ে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে উমার সুসম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জের ধরেই নানা ঘটনা নিয়ে এগিয়ে গেছে নাটকের গল্প। আগুনযাত্রার বিভিন্ন চরিত্রে থাকছেন শাহেদ আলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান ভাষা, শারমিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, ডায়ানা ম্যারলিন প্রমুখ। নাটকটিতে মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম। সংগীত পরিকল্পনায় আছেন রাহুল আনন্দ। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনায় তানজি কুন এবং পোশাক পরিকল্পনা করেছেন আফসান আনোয়ার।









