আদনান আল রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটি এবার স্পেনের ভায়াদোলিদ ইন্টারন্যাশনাল ফিল্ম উইক-সেমিনসি উৎসবে প্রদর্শিত হবে। সিনেমার গল্পের কেন্দ্রবিন্দু কিশোর আলী, যে বাংলাদেশে এমন একটি শহরে থাকে যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলীর স্বপ্ন তাকে শহরের গানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সাহস দেয়।
সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। নির্মাতা রাজীব জানান, ‘কেবল আলীর জন্য নয়, বিশ্বের সব প্রান্তের আলীদের জন্য এ সিনেমা তৈরি করেছি, যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।’ প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন, আর লাইন প্রোডাকশন করেছে রানআউট ফিল্মস।
গত বছরের নভেম্বরে সিলেটে এর দৃশ্যধারণ শেষ হয়। এরই মধ্যে সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে ‘স্পেশাল মেনশন’ পেয়েছে, যা দেশের জন্য গৌরবের বিষয়।
৭০তম ভায়াদোলিদ উৎসব শুরু হবে ২৪ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর।










