আন্তর্জাতিক বক্স অফিসের শীর্ষ আসন থেকে সরে গেছে জেমস ক্যামেরনের বিলিয়ন ডলার ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। তার আগেই চলে এসেছে নতুন রিলিজ হওয়া দুই ছবি।

ভ্যারাইটি জানায়, এক নম্বরে থাকা এম নাইট শ্যামালানের হরর সিনেমা ‘নক অ্যাট দ্য কেবিন’ ওপেনিং উইকএন্ডে আয় করেছে ১ কোটি ৪২ লাখ ডলার। অন্যদিকে কাইলি মারভিনের ‘এইটি ফর ব্রাডি’ আয় করেছে সোয়া কোটি ডলার।

তিন নম্বরে থাকা ‘দ্য ওয়ে অব ওয়াটার’ দুই মাস পরও বক্স অফিসে শক্তিশালী অবস্থানে রয়েছে। সিনেমাটির আয় ১ কোটি ডলারেরও বেশি।

এরই মধ্যে উত্তর আমেরিকার স্থানীয় বাজারে ৬৩ কোটি ৬০ লাখসহ ‘অ্যাভাটার টু’ সারা বিশ্ব থেকে ঝুলিতে তুলে নিয়েছে ২১৭ কোটি ৪০ লাখ ডলার। এই মুহূর্তে হলিউডের সর্বকালের শীর্ষ আয়ের সিনেমার চতুর্থ অবস্থানে রয়েছে।

মাত্র ১৫ লাখ ৩৮ হাজার ডলার আয় করলেই জেমস ক্যামেরনের আরেক ব্লকবাস্টার ‘টাইটানিক’-এ সরিয়ে তৃতীয় স্থান দখল করে নেবে। সপ্তাহের শেষ দিকেই সেই রেকর্ড যাবে ‘অ্যাভাটার টু’র ঝুলিতে।