বলিউডের ছোট নবাব সাইফ আলী খান এখন মুম্বাইয়ে অবসর সময় কাটাচ্ছেন দুই শিশুপুত্র তৈমুর ও জেহকে নিয়ে। সবশেষে তাকে বড় পর্দায় দেখা গিয়েছে বহুল আলোচিত সিনেমা বিক্রম ভেদায়। অবশ্য আলোচিত হলেও বক্স অফিসে সফল হতে পারেনি দক্ষিণের জনপ্রিয় এ সিনেমার হিন্দি রিমেক। দীর্ঘ সময়ের ব্যবধানে বিক্রম ভেদায় দ্বিতীয়বারের মতো এক পর্দায় দেখা গিয়েছে সাইফ ও হৃতিক রোশনকে। কিন্তু তাতেও লাভ হয়নি।
বিজয় সেতুপথি ও মাধবন অভিনীত মূল বিক্রম ভেদা সিনেমাটি তুমুল জনপ্রিয় হয়েছিল। তাই একই নামে যখন সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা আসে, তখনই দর্শক ও পর্যবেক্ষকরা নড়েচড়ে বসেছিলেন কী হয় দেখার জন্য। অনেক ট্রেড অ্যানালিস্ট আশবাদী মূল্যায়ন করলেও শেষমেষ বক্স অফিসে ব্যর্থ হয়েছে হিন্দি বিক্রম ভেদা। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে সাইফ আলী খান সিনেমাটিতে তার অভিনয় ও বক্স অফিস পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
হিন্দি বিক্রম ভেদার বাজেট ছিল ১০০ কোটি। এত বড় বাজেটের সিনেমা ব্যয়টুকুও তুলে আনতে পারেনি। আয় করেছে মাত্র ৮০ কোটি রুপি। অথচ বড় তারকা ও জমজমাট কাহিনী অ্যাকশনে পূর্ণ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে, এমনটাই প্রত্যাশা ছিল। এমন পরিস্থিতিতেও বিক্রম ভেদা কেন সফল হলো না, তা ব্যাখ্যা করতে গিয়ে সাইফ শুরুতেই সুর নরম করেছেন। তিনি বলেন, ‘আমাদের সবারই একে অপরের সঙ্গে বিনয়ী আচরণ করা উচিত। কারণ, কোন ছবিটা চলবে আর কোনটা মুখ থুবড়ে পড়বে, তা আমরা কেউ জানি না। আমি আসলেই পুরো বিষয়টা বুঝতে পারছি না। তবে কিছু একটা ঘটছে। সিনেমা নির্মাণ নিশ্চয়ই অব্যাহত থাকবে। আমাদের পারিশ্রমিকও বাড়তে থাকবে, অনেক সময় আমরা অস্বাভাবিক বেশি পারিশ্রমিক দাবি করি। আমরা তারকাদের অনেক বেশি অর্থ দিই এবং সে তুলনায় রিটার্ন ভালো আসে না। দর্শকের আয়ও গুরুত্বপূর্ণ, কারণ সব খরচ চালিয়ে তাদের সিনেমা দেখার পয়সাটা আলাদা করতে হয়।’
সামনে সাইফকে দেখা যাবে রাবণের চরিত্রে। বড় বাজেট ও উচ্চাভিলাষী প্রকল্প আদিপুরুষে রাবণ হবেন তিনি। সিনেমাটি রামায়ণের কাহিনী নির্ভর করে নির্মিত হচ্ছে। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন প্রভাস ও কৃতি শ্যানন। তবে এ সিনেমা নিয়েও আশঙ্কা আছে। এর প্রথম ট্রেলার সমালোচনার ঝড় তোলে। বড় বাজেটের এ ছবির ব্যবসা নিয়ে তাই অনেকে সন্দিহান। ওম রউতের আদিপুরুষ মুক্তি পাবে আগামী জুনে।
সূত্র: বলিউড হাঙ্গামা










