দেড় বছর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এরপর এ অভিনেতার নতুন সিনেমা নিয়ে তেমন কোনো বিশ্বস্ত খবরই পাওয়া যাচ্ছিল না। মাঝে নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দিলেও সেগুলোর ছিল না কোনো অগ্রগতি। তাই আফরান নিশোর ফেরা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়।
অবশেষে শুটিং ফ্লোরে গড়াল তার দ্বিতীয় সিনেমা। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুই নায়িকা নিয়ে ‘দাগী’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই এর শুটিং শুরু হবে। জটিলতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তাই গোপনেই এর অ্যানাউন্সমেন্ট প্রমোর দৃশ্যধারণ শুরু হয়েছে বলে জানা গেছে।
সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন। এতে আফরান নিশোর নায়িকা তমা মির্জা থাকছেন এমন খবর আগেই জানা গিয়েছিল। তবে তিনি ছাড়াও আরো একজন নায়িকা রয়েছেন এতে। তিনি হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘ন ডরাই’খ্যাত নায়িকা সুনেরাহ বিনতে কামাল। বর্তমানে এ অভিনেত্রী নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।
তবে দাগী প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন অভিনয়শিল্পী, পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউ। তাদের ভাষ্য, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এ ব্যাপারে। তবে এটুকু নিশ্চিত করেছেন যে সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। এ লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে।
এদিকে এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এখনই এ সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না। প্রতিষ্ঠানটির ভাষ্য, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে সিনেমাটির ব্যাপারে।










