পাঞ্জাবি সিনেমা ক্যারি অন জাট্টা থ্রি মুক্তি পেয়েছে গত ২৯ জুন। মাস পেরোনোর আগেই ১৫ কোটি রুপি বাজেটের বেশ কয়েক গুণ আয় করে ফেলেছে সিনেমাটি। গতকাল পর্যন্ত এ সিনেমায় আয় ছিল ৮৭ কোটি রুপি। এর মাধ্যমে ভারতে নির্মিত সর্বোচ্চ আয়ের পাঞ্জাবি সিনেমায় পরিণত হয়েছে ক্যারি অন জাট্টা থ্রি। সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন গিপ্পি গ্রেওয়াল ও সোনাম বাজওয়া। আয়ের ৪৫ কোটি রুপি এসেছে ভারতের বক্স অফিসে, বাকিটা আন্তর্জাতিক বাজার থেকে। উল্লেখ্য, সিনেমাটি পাকিস্তানের সিনেমা হলগুলোয়ও মুক্তি পেয়েছে।

তবে ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা পাঞ্জাবি সিনেমা কিন্তু ক্যারি অন জাট্টা থ্রি নয়। গত বছর পর্যন্ত পাঞ্জাবি সিনেমার দুনিয়ায় ব্যবসাসফল সিনেমাগুলো প্রধানত ভারতেই নির্মিত হয়েছে। ক্যারি অন জাট্টা টু আয় করেছিল ৫৮ কোটি রুপি, যা ছিল সে সময়ের জন্য রেকর্ড। 

কিন্তু এ রেকর্ড ভেঙে দেয় পাকিস্তানে নির্মিত পাঞ্জাবি সিনেমা দ্য লেজেন্ড অব মওলা জাট। এ সিনেমায় দেখা গেছে ফাওয়াদ খান, মাহিরা খানকে। মাওলা জাট বিশ্বজুড়ে আয় করে ভারতীয় মুদ্রায় ১১৯ কোটি রুপি। ভারতের ক্যারি অন জাট্টা থ্রি এ রেকর্ড ভাঙতে পারবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।

ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান তারকাদের মধ্যে আছেন দিলজিৎ দোসাঞ্জ, এমি ভার্ক, গিপ্পি গ্রেওয়াল ও অমরিন্দর গিল। আর অভিনেত্রীদের মধ্যে আছেন সোনাম বাজওয়া, নিরু বাজওয়া ও সারগান মেহতা।

এক দশকে ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি বিকশিত হচ্ছে দ্রুতগতিতে। ২০১০ সাল থেকে কমেডি ঘরানার সিনেমা দিয়ে এ সাফল্যের শুরু। পাঞ্জাবে নতুন নতুন মাল্টিপ্লেক্স নির্মাণ স্থানীয় চলচ্চিত্র শিল্পের সাফল্যে ভূমিকা রেখেছে। আবার কানাডাসহ বিভিন্ন দেশে পাঞ্জাবি অভিবাসীদের সংখ্যা বাড়ায় বিদেশ থেকে সিনেমাগুলো ভালো আয় করতে পারছে।

সূত্র: ডিএনএ