অভিনেতা নিলয় আলমগীর এবার ভিন্ন ধরনের চরিত্রে হাজির হচ্ছেন নাটক ‘সুইট প্রেমিক’-এ। ছয়জন নায়িকার সঙ্গে প্রেমের জটিল সম্পর্ক নিয়ে অভিনয় করতে গিয়ে প্রথমে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। নিলয় বলেন, ‘প্রথমে সত্যিই ভেবেছিলাম, এ বয়সে এমন চরিত্র করা আমার পক্ষে কঠিন হবে। চরিত্রটির নানা দিক ও নারী চরিত্রগুলোর সঙ্গে সম্পর্কের অভিনয় করতে গিয়ে ভাবছিলাম কেমন হবে। কিন্তু কাজ শেষ হওয়ার পর মনে হয়েছে, দারুণ কিছু হয়েছে। দর্শকের এটি ভালো লাগবে এবং নাটকটি দেখার পর অনেক কিছু অনুভব করবে।’
নাটকটি নির্মাণ হয়েছে সাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প অবলম্বনে এবং পরিচালনা করেছেন মিতুল খান, যিনি গল্পের মূল ভাব ও চরিত্রগুলো অনবদ্যভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। পরিচালক মিতুল খান জানান, নির্জন ভাইয়ের লেখা আগে থেকেই পরিচিত। গল্পটি নিয়ে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। দর্শক বিনোদনের সঙ্গে অনেক কিছু শিখবে এবং গল্পের মর্ম অনুভব করবে।
নাটকটি প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘নিলয়সহ অন্য শিল্পীদের সঙ্গে অভিনয় করতে সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে। দর্শক নাটকটি দেখলে আনন্দিত হবে। চরিত্রগুলো ভিন্ন হলেও গল্পে রয়েছে মজা ও শিক্ষার ছোঁয়া।’
নাটকটির লেখক নির্জন বলেন, ‘আমি সবসময় জনপ্রিয় ধারায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জনপ্রিয়তার মাধ্যমে সমাজে কিছু বার্তা দিয়ে থাকি। সুইট প্রেমিক নাটকের ক্ষেত্রেও দর্শক তেমনটি পাবে। এছাড়া নাটকটিতে অন্যান্য চরিত্রে থাকছেন বাশার মাসুম, মনিরা মিঠু, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন, অন্বেষাসহ আরো অনেকেই।










