বেশ কয়েক বছর ধরেই ছোট পর্দা থেকে দূরে আছেন মেহজাবীন চৌধুরী। অভিনয় করেছেন বড় পর্দার জন্য। এরই মধ্যে শেষ করেছেন দুটি সিনেমা।
সিনেমাগুলো দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। সাফল্যের পালকও লেগেছে সিনেমায় গায়ে, যার একটি ‘সাবা’ আরেকটি ‘প্রিয় মালতী’। জানা গেছে, এশিয়া মহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে প্রিয় মালতী পেয়েছে অফিশিয়াল সিলেকশন। অর্থাৎ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিনেমাটি।
ইফির সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রতিযোগিতা করবে দেশের প্রিয় মালতী। ভারতের গোয়ায় উৎসবের পর্দা উঠবে ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪-এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির।
অফিশিয়াল সিলেকশনের তথ্যটি ওয়েবসাইটে নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। তালিকায় বিভিন্ন দেশের ৭১টি সিনেমা রয়েছে।
শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় প্রিয় মালতীতে নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক। তিনি বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ ও ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগ হওয়া প্রয়োজন, সেটা প্রিয় মালতী দিয়ে করা সম্ভব বলে মনে করি।’
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। উপমহাদেশের গুরুত্বপূর্ণ উৎসবে এটি যুক্ত হওয়ায় আনন্দিত তিনি। বলেন, ‘ইফিতে ‘‘প্রিয় মালতী’’ সিলেক্ট হওয়ায় আমি ও আমাদের টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো আর কাজ করি না। কিন্তু যখন সেটা নির্বাচন হয়ে যায়, তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শক সিনেমাটি দেখতে পারছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শক দেখতে পারবে।’
মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। সিনেমাটি দেশের দর্শক কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা।
এদিকে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে প্রিয় মালতী। উৎসবটি ১৩ নভেম্বর শুরু হয়েছে কায়রোয়, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে উৎসবে যোগ দিয়েছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অন্যতম প্রযোজক আদনান আল রাজিব, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।










