নিউইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়ে গেছে মেট গালা ২০২৪। বলিউড-হলিউডের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তারকাদের নিয়ে চলেছে এ আয়োজন। এবারের মেট গালার থিম স্লিপিং বিউটিজ, রিওয়াকেনিং ফ্যাশন। এ থিম মেনেই হাজির হয়েছেন নানা দেশের তারকারা। শত তারকার ভিড়ে নিজেদের সাজপোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন সময়ের জনপ্রিয় বলিউড তারকা আলিয়া ভাট। সেই সঙ্গে আছেন ইশা আম্বানি, হলিউড অভিনেত্রী জেন্ডেয়া ও জেনিফার লোপেজ, কিম কারদেশিয়ানসহ আরো অনেকেই।
এবার দ্বিতীয়বারের মতো মেট গালায় উপস্থিত হয়েছেন আলিয়া ভাট। অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গেছে ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি শাড়িতে। মেট গালাকে বলা হয় ফ্যাশনের সবচেয়ে বড় রাত। তাই তো নিজের সেরাটা দেয়ার চেষ্টায় থাকেন ডিজাইনাররা। আলিয়ার এ শাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় ১ হাজার ৯০৫ ঘণ্টা। এতে কাজ করেছেন ১৬৩ জন কারিগর। শাড়িটি তৈরি হয়েছে মূল্যবান রত্নপাথর ও সূক্ষ্ম সুতার কাজ দিয়ে। শাড়িতে ২৩ ফুট লম্বা আঁচলে সুনিপুণভাবে ফুলের নকশা করা হয়েছে। পোশাক নিয়ে আলিয়া বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। আমি অনেক বেশি উচ্ছ্বসিত। কয়েক মাসের প্রস্তুতি এ মুহূর্ত তৈরি করেছে। আমি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন পরেছি। মেটে এটি আমার দ্বিতীয়বার এবং তার ডিজাইন প্রথমবার পরা হয়েছে। আমি মনে করি, শাড়ির চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। আমার শাড়ির থিম দ্য গার্ডেন অব টাইম।’ এছাড়া ইশা আম্বানিকে দেখা গেছে ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রের তৈরি হ্যান্ড এমব্রয়ডারির গাউনে লালগালিচায় হাঁটতে। থিমের সঙ্গে মিল রেখে ভিনটেজ শৈলী ফুটিয়ে তুলতেই পোশাকটিতে ছিল দীর্ঘ ফ্লাওয়ার ডিজাইন। দ্য গার্ডেন অব টাইম থিমকে মাথায় রেখে ডিজাইনার রাহুল অপরূপ প্রকৃতির রূপে অনুপ্রাণিত হয়েই এ লং গাউন তৈরি করেছেন। এছাড়া জানা গেছে, পোশাকটি তৈরি করতে ১০ হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে কারিগরদের। পোশাকের সঙ্গে নিজের সাজ নিয়েও চর্চায় আছেন ইশা আম্বানি।
হলিউড থেকে আগত অভিনেত্রীদের মধ্যে সবার দৃষ্টি কেড়েছে জেন্ডেয়ার পোশাকও। কালো রঙের গাউন ও মাথায় ছিল ফুলের তোড়ার মতো করে হেয়ারস্টাইল। এছাড়া জেন্ডেয়াকে দেখা গেছে একটি রাজকীয় নীল ও পান্নাসহ সবুজ রঙের গাউনেও। ফলের গাছ দিয়ে অনুপ্রাণিত অলংকার পরিহিত ছিলেন তিনি।
লালগালিচায় হেঁটে যাওয়ার সময় সোনালি ফুলের পোশাকে গায়িকা নিকি মিনাজও ভক্তদের কাছ থেকে পেয়েছেন অভিবাদন। একটি হলুদ মিনি ড্রেস পরেছিলেন তিনি, যাতে ছিল বিভিন্ন রঙ ও পোশাকজুড়ে ছিল কৃত্রিম ফুল।
এছাড়া নিয়মিত মেট গালায় অংশগ্রহণকারী অভিনেত্রী কিম কারদেশিয়ানও তার রুপালি রঙের একটি আঁটসাঁট গাউনে সবাইকে মুগ্ধ করেছেন। অন্যদিকে আরিয়ানা গ্র্যান্ডেকে দেখা গেছে একটি সাদা রঙের গাউনে। তিনি তার নতুন সিনেমা উইকডের সহ-অভিনেতা সিনথিয়া এরিভোকে সঙ্গে নিয়ে এ বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। এছাড়া গালিচায় আরো বড় চমক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। তার পরনে ছিল প্রায় ২৫ লাখ সিলভার স্টোন দিয়ে তৈরি একটি পোশাক।
মেট গালায় প্রতি বছরই এভাবে নির্দিষ্ট থিমে নানা সাজে শত শত তারকা যোগ দেন। সেভাবেই প্রতিষ্ঠিত তারকা, নতুন তারকা ও ফ্যাশন জগতের তারকাসহ মোট ৪৫০ জন এবার মেট গালায় অংশ নিয়েছেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










