২০২৩ সাল ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য অন্যতম সাফল্যের একটি বছর। পর পর তিনটি ব্লকবাস্টার সিনেমার মধ্য দিয়ে একদিকে করেছেন লাখো কোটি ভক্তের মন জয়, অন্যদিকে বক্স অফিসেও ফেলেছেন তুমুল সাড়া। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর এবার শাহরুখ ভক্তদের অপেক্ষা তার পরবর্তী সিনেমার মুক্তি নিয়ে। সম্প্রতি অভিনেতা নিজেই তার আসন্ন চলচ্চিত্রের শুটিং নিয়ে কথা বলেছেন। জানা গেছে, সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমা নিয়ে শিগগিরই পর্দায় আসছেন শাহরুখ।
গত শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমার মনে হয়েছে, আমি চাইলে একটুখানি বিশ্রাম নিতে পারি। শেষ যে দুই-তিনটি সিনেমা করেছি, সেখানে প্রতিটি সিনেমায়ই আমার প্রচুর শারীরিক পরিশ্রম করা হয়েছে। তাই আমি সবাইকে বলেছিলাম, হয়তো কিছুদিনের জন্য আমি ছুটি নেব এবং পুরো দলকে (২০২৪-আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স) বলেছিলাম. ‘আমি ম্যাচ দেখতে আসব।’
শাহরুখ আরো বলেন, ‘সৌভাগ্যবশত আমার সিনেমার শুটিং আগস্ট বা জুলাইয়ে হওয়ার কথা। তবে আমরা জুনে করার পরিকল্পনা করেছি। এটি জুনে শুরু হতে পারে। তাই আমি ততদিন পর্যন্ত সম্পূর্ণ অবসর। আমি সব হোম ম্যাচে আসতে চাই, কারণ আমি এটি ভালোবাসি। এখানে আসতে ভালোবাসি (ইডেন গার্ডেন)।’
এর আগে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি কী ধরনের সিনেমা করতে চান। একজন লেবানিজ সাংবাদিকের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এখন এমন একটি চলচ্চিত্র করার চেষ্টা করছি যে চরিত্র আমার বয়সের আরো কাছাকাছি, যা নায়ক ও চলচ্চিত্রের তারকা বা কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছে। ভারতীয় চলচ্চিত্রের কিছু বিষয় আছে একজন অভিনেতা চাইলে লম্বা সময় ধরে একই ধরনের চরিত্রে কাজ করতে পারে। তবে আমি মনে করি. অ্যাকশন একটু নতুন আকর্ষণ আমার। আমি আরো একটি অ্যাকশন ফিল্ম করতে চাই।’
এর মধ্যে আসন্ন সিনেমা দ্য কিংয়ের মধ্য দিয়ে শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। ২০২৫ সালেই অ্যাকশন ঘরানার এ সিনেমা পর্দায় দর্শক দেখতে পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










