অনেক দিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন, বড় পর্দার জন্য সিনেমার প্রস্তুতি নিচ্ছেন মিজানুর রহমান আরিয়ান। বিভিন্ন সময় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন এ জনপ্রিয় নির্মাতা। জানা যায়, এবার সিনেমা হলের জন্য সিনেমা বানাতে যাচ্ছেন আরিয়ান। একেবারে পিউর রোমান্টিক গল্প নিয়েই এ অঙ্গনে অভিষেক ঘটবে তার।
মিজানুর রহমান আরিয়ানকে বলা হয় ছোট পর্দার প্রেমের গল্প বলার সফল কারিগর। ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘অ্যাংরি বার্ড’, ‘কথোপকথন’, ‘ব্যাচ ২৭’, ‘বুকের বাঁ পাশে’, ‘বড় ছেলে’র মতো অজস্র রোমান্টিক নাটক উপহার দিয়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এখন তো রীতিমতো তার নামেই চলে নাটক! ওটিটিতে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ বিশ’ ও ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মগুলো তার নির্মাণসামর্থ্যেরই প্রমাণ।৷
আরিয়ানের এবারকার সিনেমায় নায়ক থাকছেন সিয়াম আহমেদ। রায়হান রাফীর রোমান্টিক সিনেমা ‘পোড়ামন ২’-এর মাধ্যমে অভিষেক হওয়ার পর সিয়াম নানা চরিত্রে অভিনয় করেছেন, করেছেন এক্সপেরিমেন্ট। তবে এবার ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’! যে রোমান্টিক অবতারের কারণে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সিয়াম, সে রোমান্টিক হিরো রূপেই ফিরছেন আরিয়ানের হাত ধরে। থ্রিলার, মারকাটারি সিনেমার হিড়িকের ভিড়ে প্রেমের গল্পের জন্য আরিয়ান-সিয়ামের জুটি দুর্দান্ত ফলাফল আনতে পারে, এমনটাই ধারণা অনেকের।
বিষয়টি নিয়ে সিয়াম ও আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে দুজনই এ বিষয়ে আপাতত কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। জানিয়েছেন, এমন কিছু ঘটলে তা আনুষ্ঠানিকভাবেই সবাইকে জানানো হবে। তবে নায়ক ও নির্মাতা কেউই বিষয়টিকে উড়িয়েও দেননি। ধারণা করা হচ্ছে, নায়িকার বিষয়টি চূড়ান্ত হলেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে।










