নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্ট তিন ধারায়ই নির্দেশনা দেন সঞ্জয় সমাদ্দার। গত বছর নির্মাতা হিসেবে সিনেমায় অভিষেক হয়েছে তার। কলকাতার সিনেমা ‘‌মানুষ’ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ, সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কমলে ও বিদ্যা সিনহা মিম। আর এবার দেশের ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশাকে নিয়ে নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘পয়জন’। 

নির্মাতা জানান, বাস্তব জীবনের চরম সত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার ঘরানার এ ফিল্ম। গত ২২ জানুয়ারি শুটিং শুরু হয়েছিল ওয়েব ফিল্মটির। আর ১ ফেব্রুয়ারি শুটিং পর্ব শেষ হয়েছে। পয়জন ওয়েব ফিল্মের গল্প প্রসঙ্গে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প এগিয়ে যাবে। অতিরিক্ত যেকোনো কিছুই বিষের মতো। যেটাকে বলা হয় একসিড অব এনিথিং। পয়জনের গল্পটিও ঠিক তেমন। একদম সাসপেন্স থ্রিলারে ভরপুর এ ওয়েব ফিল্ম’। 

অন্যদিকে তানজিন তিশা বলেন, ‘আমার দীপ্ত প্লের বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তাদের কয়েকটি প্রজেক্টে আমি থাকছি, যার একটি পয়জন ওয়েব ফিল্ম। সমাজে টিকে থাকা একজন নারীর গল্প। একজন নারী সমাজে চলতে গিয়ে কতকিছুর মুখোমুখি হয় এবং সেগুলো কীভাবে প্রতিকার করে, সেসব নিয়েই এ ওয়েব ফিল্ম।’

মামুনুর রশিদ তানিমের রচনায় পয়জনে তিশার বিপরীতে আছেন আবু হুরায়রা তানভীর। আরো অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এসএম সোহাগ প্রমুখ। ওয়েব ফিল্মটি শিগগিরই দীপ্ত ওটিটি প্লেতে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।