বলিউড আবারো জানছে তার সাম্রাজ্যের বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা জওয়ান বক্স অফিসে হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ ছবিতে আছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি নিয়ে বার্তা। ঠিক এমন পরিস্থিতিতে মুম্বাই পুলিশ জানতে পেরেছে খুনের হুমকি পাচ্ছেন শাহরুখ। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘পাঠান’ ও ‘জওয়ান’ এ দুই ছবির জনপ্রিয়তা ও দারুণ ব্যবসার কারণেই খুনের হুমকি পাচ্ছেন কিং খান। শাহরুখকে নিয়ে তাই ঝুঁকি নিতে নারাজ মহারাষ্ট্র সরকার। বলিউড সুপারস্টারের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে।

এ নতুন ব্যবস্থায় শাহরুখ সবসময় দেহরক্ষী হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ ইউনিট থেকে। ভারতজুড়ে তাকে নিরাপত্তা দেয়া হবে। কিং খানের নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে মেশিনগান, অ্যাসল্ট রাইফেলের মতো ভারী অস্ত্র।

শাহরুখের বাসভবন মান্নাত পাহারা দেবে চারজন সশস্ত্র পুলিশ। নিরাপত্তার এ খরচ বহন করতে হবে শাহরুখ খানকে। ভারতে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে ভারী অস্ত্র ব্যবহার করা যায় না, তাই জোরদার নিরাপত্তার জন্য পুলিশ নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করতে হয়। 

মুম্বাইয়ের গোয়েন্দাদের দাবি, পরপর দুটি হিট দেয়ার পর শাহরুখের জীবনের হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ভিআইপি নিরাপত্তার স্পেশাল আইজিপি দিলীপ সাওয়ান্ত বলেন, ‘‌আসন্ন ও সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে অভিনেতা শাহরুখ খানকে ওয়াই নিরাপত্তার এসকর্ট স্কেল প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ ও পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’ 

২০২২ সালের নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হুমকি দিলে তার নিরাপত্তা ওয়াই প্লাসে উন্নীত হয়েছিল। এবার সালমানের মতো নিরাপত্তা পাবেন শাহরুখও। 

জিরো সিনেমার ব্যর্থতার পর কাজের সূত্রে চার বছর লম্বা বিরতি নিয়েছিলেন কিং খান। তবে ২০২৩ সালে বাদশাহী প্রত্যাবর্তন করেন তিনি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দেন পাঠান দিয়ে। যা ভারতে ৫২০ কোটি ও বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয় করে। এরপর গত সেপ্টেম্বরে আসে জওয়ান। এরই মধ্যে এ সিনেমা বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটির বেশি আয় করেছে। আগামী ডিসেম্বরে আসছে শাহরুখের আরো একটি সিনেমা। রাজকুমার হিরানির ডাঙ্কি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। এটিও ব্লকবাস্টারের তালিকায় ঢুকবে বলেই আশা রাখছেন কিং খানের ভক্তরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া