ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত থাকলেও কাজ থেকে দূরে থাকেননি তিনি। নতুন নতুন গান ও স্টেজ শোয় ব্যস্ত ছিলেন। যদিও এ সময় স্টেজে খুব বেশি দেখা যায়না তাকে। তবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনি স্টেজ শোয় ব্যস্ত সময় কাটাবেন।

কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সংগীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কতদিনে’ শিরোনামে গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ইসফাতারা কায়সার রনি। তবে শ্রোতা দর্শকের জন্য ভালো লাগার খবর হচ্ছে, সালমার কণ্ঠে নতুন আরো একটি মৌলিক গান প্রকাশ হয়েছে ‘রনিস টিউন’ নামে ইউটিউব চ্যানেলে। এ গানেও সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রনি।

‘আপন মানুষ’ শিরোনামের গানটি লিখে সুর ও সংগীত করেছেন রোহান রাজ। গানটির বিষয়ে সালমা বলেন, ‘একটা সময় কিন্তু আমার সিনিয়ররা আমাকে ভীষণ সহযোগিতা করতেন, অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া ও ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট-সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র, আমিও তাদের সহযোগিতা করতে চাই, ভালো গান গাইলে অনুপ্রেরণা দিতে চাই। রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে, যে কারণে আমরা

এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমি তো বলব, রনির কারণেই এ মৌলিক গান হলো। গানটির কথা ও সুর ভীষণ ভালো লাগার। আমার বিশ্বাস এ গানে মুগ্ধ হবেন শ্রোতারাও। রনির জন্য শুভ কামনা রইল। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে স্টেজ শোয় বাংলাদেশের নানা প্রান্তে শ্রোতা দর্শকের সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ। কারণ স্টেজ শোয় গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’