একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করে ছোট পর্দার জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। তাদের নাটকগুলো পেয়েছে দর্শকের ভালোবাসা। নতুন খবর হলো আবারো নতুন নাটকে একসঙ্গে দেখা যাবে এ দুজনকে। নাটকের নাম ‘স্বপ্নের বাসর’। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। নির্মাতা নিজেই নাটকের চিত্রনাট্য করেছেন।
নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। প্রচারের অপেক্ষায় থাকা নাটকটি নিয়ে জানতে চাইলে নির্মাতা মিফতা আনান বলেন, ‘ঢাকা শহরের একজন সিএনজি-চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে। আমরা চেষ্টা করেছি, শহরের নিম্নবিত্ত মানুষের জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে। যেখানে মজাও আছে আবার কঠিন বাস্তবতাও। আশা করছি দর্শক মুগ্ধ হবে।’
নাটকের গল্প নিয়ে নির্মাতা জানান, সালাউদ্দিন নামের একজন অটোরিকশা চালক ও তার স্ত্রী জেসমিনকে কেন্দ্র করে এ নাটকের গল্প। কমেডি ধাঁচের এ নাটকে সালাউদ্দিন চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও তার স্ত্রীর চরিত্রে মাহি। অন্যদিকে মনিরা মিঠুকে দেখা যাবে সালাউদ্দিনের মায়ের চরিত্রে।
নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘আমরা কয়েকদিন আগেই নাটকটির শুটিং পর্ব শেষ করেছি। শুরু থেকেই আমরা বেশ মজা করেছি। এ নাটকের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে মজার ছলে অনেক কঠিন বাস্তবতা উঠে এসেছে। দর্শক এতে কমেডি ও বাস্তবতার মিশেল উপভোগ করবেন বলে মনে করি। আর মাহির সঙ্গে কাজ করতে ভালো লাগে, এ নাটকেও এর ব্যতিক্রম নয়।’










