কথাসাহিত্যিক ইকবাল খন্দকার লেখালেখির পাশাপাশি উপস্থাপনা করছেন দীর্ঘ ১৩ বছর ধরে। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে তিনি উপস্থাপনা করে চলেছেন ভিন্ন ভিন্ন ঘরানার অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় এখন তিনি উপস্থাপনা করছেন ব্যতিক্রমধর্মী দুটি অনুষ্ঠান। একটি বিটিভিতে, অন্যটি জিটিভিতে।
বিটিভির অনুষ্ঠানটির নাম ‘গল্প গানের প্রহর’। যেখানে উপস্থিত থাকেন জনপ্রিয় সংগীত শিল্পীগণ। আর জিটিভির অনুষ্ঠানটির নাম ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। যে অনুষ্ঠানের নিবেদক আলোঘর প্রকাশনা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশের বরেণ্য ব্যক্তিগণ। শিক্ষা-সংস্কৃতি এবং শিল্প অঙ্গনে রয়েছে যাদের বিশেষ অবদান।
বিটিভির ‘গল্প গানের প্রহর’ অনুষ্ঠানের আগামী পর্ব প্রচার হবে ২১ জুন শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে। যে পর্বের অতিথি সংগীত শিল্পী পুতুল ও ইউসুফ। প্রযোজক সৈয়দা ফারহানা হাসান। আর জিটিভির ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’ অনুষ্ঠানের আগামী পর্ব প্রচার হবে ২২ জুন রবিবার রাত ৮টা ৩০ মিনিটে। অতিথি লেখক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। আর প্রযোজক এইচ এম তানভীর হাসান।
অনুষ্ঠান দুটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করার জন্য। এই দুটি অনুষ্ঠানেও সেই চেষ্টার ছাপ পাবেন দর্শকরা। আমার বিশ্বাস, তাদের ভালো লাগবে।’










