অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। মিতালি পারকিন্সের বেস্ট সেলিং উপন্যাস ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। দেশে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোয় প্রশংসা পেয়েছে। সে ধারাবাহিকতায় চলচ্চিত্রটি হাফ স্টপ ডাউনের ব্যানারে শিগগিরই ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ জাপানে প্রিমিয়ার হতে চলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাফ স্টপ ডাউনের প্রযোজক মো. আসাদুজ্জামান সকাল।

ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রিকশা গার্লের প্রিমিয়ার প্রসঙ্গে সকাল বলেন, ‘আমরা ২০২১ সাল থেকে বিশ্বব্যাপী ফেস্টিভ্যালগুলোয় রিকশা গার্লের অর্জনে আমরা অত্যন্ত গর্বিত এবং এ বছর বাংলাদেশে মুক্তি দেয়া নিয়ে আশাবাদী। গল্পটি আমাদের হৃদয়ের খুব কাছের এবং আমরা চেয়েছিলাম বিশ্বব্যাপী দর্শক বাংলাদেশ ও রিকশার ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপন করুক, যা আমাদের জীবনধারার অত্যন্ত প্রয়োজনীয় অংশ। আমি আশা করি ছবিটি ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর দর্শককে আনন্দ দেবে।’ উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুকে হাফ স্টপ ডাউনের অফিশিয়াল পেজে স্ক্রিনিংয়ের তারিখ এবং সময় শিগগির ঘোষণা করা হবে।

রিকশা গার্ল সিনেমাটি একজন কিশোরী মেয়ের স্বপ্ন আর তার পারিবারিক সংকটের গল্প। কিশোরী চরিত্রটির নাম নাইমা। তার জীবনযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমা। শিল্পী নভেরা রহমান এ সিনেমায় নাইমা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যরা। রিকশা গার্লের চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

যুক্তরাষ্ট্রের প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে এবং সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে রিকশা গার্ল।