পাঠান সিনেমা নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এর মূলে রয়েছে ‘বেশরম রং’ গানটি। গানটিতে দীপিকার উপস্থাপনার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনেছেন অনেকেই। বিনোদন জগৎ থেকে বিতর্ক গড়িয়েছে রাজনীতির ময়দানে। দীপিকার পরা গেরুয়া বিকিনি বিতর্কে ঘি ঢেলেছে।
সম্প্রতি ‘পাঠান’ বিতর্কে মুখ খুলেছেন ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক সভাপতি আশা পারেখ। এ সিনেমার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি আগে কখনো এত খারাপ অবস্থার মধ্য দিয়ে যায়নি। ৬০ বছরেরও বেশি সময় ধরে এর সঙ্গে আমি সম্পৃক্ত। ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন অধঃপতন আমি কখনো দেখিনি। কোনো রকম বাধা ছাড়াই পাঠান মুক্তি পাওয়া আবশ্যক। সাম্প্রতিক সময়ে যশরাজ ফিল্মস টানা অনেকগুলো সমস্যায় ভুগেছে। আরেকটি ধাক্কা তারা সামলাতে পারবে না।’
‘পাঠান’ সিনেমা নিয়ে পরিস্থিতি ক্রমে ঘোলাটে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির সমাধান নিয়ে আশা বলেন, ‘পাঠান মুক্তির ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে তাদের গানটি সরিয়ে ফেলতে বলা হোক। আমি পরিষ্কার বলতে চাই, আমি এ ধরনের লাঞ্ছনার সম্পূর্ণ বিরোধী। সমগ্র জাতির ভালো-মন্দ কেন কিছু উপাদান দ্বারা নির্ধারিত হবে! যদি আপনি সিনেমাটি দেখতে না চান, দেখবেন না। আমি সিনেমাটি দেখতে চাই। কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন?’
সিনেমা ব্যবসা ডুবে যাওয়ার উপক্রম বলে মনে করেন ‘জুবিলি কুইন’ নামে পরিচিত ষাট-সত্তরের দশকের জনপ্রিয় এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের হিট সিনেমা দরকার। পাঠান ও করণ জোহরের রকি অওর রানি কি প্রেম কাহানির মতো সিনেমা ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধার করতে পারবে।’
শিল্পীর স্বাধীনতায় বাধা দেয়াকে কোনোভাবেই উৎসাহিত করা উচিত নয় বলে অভিমত প্রকাশ করেন আশা পারেখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্দিষ্ট একটি রঙের ওপর কেন সিল মেরে দেয়া হচ্ছে? প্রতিটি রঙই সমান সুন্দর। আমাদের নায়িকাদের অন্যতম প্রিয় রঙ ছিল কমলা। কল্পনা করুন তো, কেউ আপনাকে বলছে, এ রঙ পরিধান করো না, ওই রঙ পরতে পারবে না। এটি লাঞ্ছনার চূড়ান্ত। কোনো সম্প্রদায় কোনো রঙের ওপর তাদের মালিকানা দাবি করতে পারে না।’
সূত্র: বলিউড হাঙ্গামা










