নির্মাণের দীর্ঘ আট বছর পর আজ মুক্তি পেতে যাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত ছবি পেয়ারার সুবাস। এটি সদ্য প্রয়াত অভিনেতা রুবেল আহমেদ অভিনীত সিনেমা। মুক্তির আগে বুধবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছিল সিনেমাটির প্রিমিয়ার শোয়ের। আহমেদ রুবেলও এসেছিলেন, কিন্তু সিনেমাটা আর দেখার সুযোগ হলো না তার।
সিনেমার পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। শপিং মলের পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন তিনি। পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন। সিএনজিতে নেয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রিমিয়ার শোয়ে ততক্ষণে শোকের ছায়া। দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সবাই উপস্থিত ছিলেন সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে। সবার মধ্যে দ্বিধা, সিনেমাটি আজ দেখানো হবে কিনা। এ সময় পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে জানান সিনেমা যেন দেখানো হয়। মূলত রুবেল আহমেদকে শ্রদ্ধা নিবেদন করার জন্যই এ সিদ্ধান্ত। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তারা আসলে সিনেমা দেখতে চায় কিনা। দর্শকরাও তখন জানায়, সিনেমার মধ্য দিয়ে শিল্পী রুবেলকে তারা শ্রদ্ধা নিবেদন করতে চায়। প্রথমে ১ মিনিট নীরবতা পালন করে উপস্থিত সবাই। তারপর সবার মতামত নিয়ে দেখানো হয় সিনেমাটি। প্রয়াত অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হয়েছে পেয়ারার সুবাস। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেল আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেয়া কঠিন। তার এ অসময়ের প্রস্থান আমাদের শূন্য করে দিল।’ তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজ দিয়ে। রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম, তাহলে সিনেমাটা প্রদর্শিত হলেই খুশি হতাম।’ আহমেদ রুবেলকে নিয়ে জয়া আহসান বলেন, ‘এ মুহূর্তে বলার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে তার কাছে ছুটে যাই। আমার মনে হচ্ছে, স্ক্রিনে আবার তাকে দেখি। পরপর আমার ভীষণ দুটি কাজ ‘অলাতচক্র’ ও ‘পেয়ারার সুবাস’-এ আমার সহ-অভিনেতা তিনি। রুবেল ভাইকে নিয়ে এভাবে আমাকে বলতে হবে, এটা কখনো ভাবিনি।’
পেয়ারার সুবাস সিনেমায় রুবেল আহমেদ ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা, দিহান, নূর ইমরান মিঠুসহ আরো অনেকে। আজ সারা দেশে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ৯২ মিনিটের এ সিনেমা প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহপ্রযোজনায় চরকি।
পেয়ারার সুবাস ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তার জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম প্রিয় সত্যজিৎ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এরই মধ্যে সেন্সরের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এ সিনেমার মধ্য দিয়ে আরো একবার বড় পর্দায় দেখা মিলবে গুণী অভিনেতা আহমেদ রুবেলের।










