ফরেনসিক বিশেষজ্ঞরা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই মনে করছেন। সংশ্লিষ্ট পাঁচ সদস্যের কমিটি তাদের অনুসন্ধান শেষে সুশান্তকে বিষ প্রয়োগ বা গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগের সত্যতা পাননি।

রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্দে সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিবিআইকে দাখিল করা এআইআইএমএসের বিশেষজ্ঞ ডাক্তারদের ফরেনসিক প্রতিবেদন সূত্র এ কথা জানাচ্ছে। তবে এ বিষয়ে তারা মন্তব্য করবেন সিবিআইয়ের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরই।

সতীশ মানেশিন্দে বলেছেন, ‘সুশান্ত মামলার বিষয়ে এআইআইএমএস ডাক্তারদের প্রতিবেদন আমি দেখেছি। তদন্ত শেষে এগুলো আদালতে দাখিল করা হবে। আমরা সিবিআই কর্তৃক প্রকাশিতব্য প্রতিবেদনের দাপ্তরিক সংস্করণের অপেক্ষায় আছি।’

তিনি আরো বলেন, রিয়া চক্রবর্তীর পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে সত্য কোনো অবস্থায়ই পরিবর্তন করা যায় না। রিয়ার বিরুদ্ধে মিডিয়ার একটি অংশ যেভাবে রায় দিয়ে চলেছে সেটা অসৎ উদ্দেশ্যে।

জি নিউজের সূত্রমতে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গঠিত এআইআইএমএস ডাক্তারদের ফরেনসিক প্যানেল খুনের দাবি নাকচ করে দিতে যাচ্ছে।

অন্যদিকে সুশান্তর আসুস ল্যাপটপ, সিপিইউ, হার্ড ডিস্ক, ক্যানন প্রিন্টার ও দুটো মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টও চূড়ান্ত হয়ে গেছে।

সিবিআইয়ের অনুরোধে আগস্টে তদন্তে সহায়তার জন্য ডা. সুধীর গুপ্তর নেতৃত্বে একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল গঠন করা হয়। সিবিআই গত মাসের শেষ দিকে জানিয়েছিল, সুশান্তর মৃত্যুর ঘটনাকে তারা সব প্রেক্ষিত থেকেই তদন্ত করছেন।

সুশান্তর মৃত্যু নিয়ে বলিউড ও ভারতের রাজনীতিতে যথেষ্ট জল ঘোলা হয়েছে। কিন্তু ফরেনসিক রিপোর্ট সম্পর্ক যা জানা যাচ্ছে, তাতে সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলেই হয়তো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

 

সূত্র: ডিএনএ