এ বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের ‘লাভ স্টোরিজ’ ক্যাম্পেইন। আর এ ক্যাম্পেইনে লেখক বিশ্বজিৎ চৌধুরীর ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বই থেকে বাছাইকৃত চারটি ছোট গল্প অবলম্বনে চারজন নির্মাতা নির্মাণ করছেন চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
সম্পূর্ণ রোমান্টিক ঘরানার এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে আজ। এগুলো হচ্ছে ‘বুকিং’, ‘দুঃখিত’, ‘গাঁইয়া’ ও ‘এক্সট্রা’। মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন ‘বুকিং’, কাজল আরেফিন অমি ‘দুঃখিত’, গিয়াস উদ্দিন সেলিম ‘গাঁইয়া’ ও ভিকি জাহেদ ‘এক্সট্রা’ ।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোয় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি, এবিএম সুমন, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, প্রার্থনা ফারদিন দীঘি, খায়রুল বাসার, নিলয় আলমগীর, সাবিলা নূরসহ আরো অনেকে।
বঙ্গ বিডির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বঙ্গর বিশেষ আয়োজন লাভ স্টোরিজ-ভালোবাসার দিনে ভালোবাসার গল্প। লাভ স্টোরিজের নির্মাতা, কলাকুশলী, গল্প নির্বাচন, সব ক্ষেত্রেই আমরা আমাদের দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি।’










