সোফিয়া কপোলা পরিচালিত প্রিসিলা দিয়ে আলোচনায় আছেন কেইলি স্প্যানি। সম্প্রতি তিনি উপস্থিত হয়েছিলেন গথাম অ্যাওয়ার্ডসে। সেখানেই জানালেন তিনি যুক্ত হচ্ছেন এলিয়েন: রোমুলাস সিনেমায়। এটি ফেদে আলভারেজ পরিচালিত এলিয়েন ইউনিভার্সের অংশ। তিনি জানিয়েছেন, সিনেমাটি মূলত এ ইউনিভার্সের দ্বিতীয়। প্রথম ও তৃতীয় সিনেমার মাঝামাঝি সলো গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। ভ্যারাইটির সাংবাদিক মাইকেলা জিকে তিনি বলেন, ‘‌জেমস ক্যামেরনের এলিয়েনের টিমই সিনেমাটি নির্মাণ করবে। তারা ওই সময় যে জোনোমর্ফগুলো তৈরি করেছিল, এবার তার আদলেই নতুন করে তৈরি করা হচ্ছে। প্রায় ৪৫ বছর পর একটা গল্প ফিরে আসছে আর সেটার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমি।’

মূলত ‘‌এলিয়েনস’ নিয়ে প্রথম কাজ করেছিলেন রিডলি স্কট। ১৯৭৯ সালে তিনি এ নামে সিনেমা নির্মাণ করেন। সাত বছর পর ১৯৮৬ সালে জেমস ক্যামেরন নির্মাণ করেন এলিয়েনস। কেইলির বক্তব্য অনুসারে, এ দুই কিংবদন্তি পরিচালক তাদের দুই সিনেমায় যে গল্প বলেছেন তার মধ্যে সাত বছরের সময়ের ফারাক আছে। সে সময়ে গল্পটা ফেলেছেন আলভারেজ।

কেইলি স্প্যানির অভিষেক হয়েছিল ২০১৮ সালে প্যাসিফিক রিম: আপরাইজিং দিয়ে। সিনেমাটি সাই-ফাই জনরার। এ নিয়ে তিনি বলেন, ‘‌আমার প্রথম সিনেমা একটা বিগ বাজেট সাই-ফাই। আমার এখন মনে হচ্ছে সে দুনিয়ায় আবার ফেরত যাচ্ছি। বিষয়টা আমার খুবই ভালো লাগছে।’ কেইলি তার ক্যারিয়ারে নতুন ধারার সিনেমা করতে চান। এ নিয়ে তিনি বলেন, ‘‌আমি চাই বিচিত্র ধারার নানা কাজ করতে।’

প্রিসিলা প্রিসলির জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করে কেইলি প্রশংসা পেয়েছেন। কিন্তু এর বাইরে সাই-ফাইয়ে তার আগ্রহ অনেকদিনের। তিনি বলেন, ‘‌আমি সত্তর বা আশির দশকের সাই-ফাই সিনেমা সুযোগ পেলেই দেখি। এ ধারার সিনেমা আমার খু্বই পছন্দ। আবার সে জনরায় কাজ করতে গিয়ে খুবই আনন্দিত।’

সূত্র: ভ্যারাইটি