হলিউডের সিংহভাগ ব্যবসা এখন আসে ফ্র্যাঞ্চাইজি সিনেমা থেকে। হতে পারে সেটা মার্ভেলের সিনেমা। হতে পারে মিশন: ইম্পসিবল। তবে সুপারহিরো সিনেমাই এগিয়ে থাকছে বেশি। এ নিয়ে অনেক নির্মাতার অভিযোগও আছে। তারা মনে করেন, এ সিনেমাগুলো কেবলই ব্যবসার জন্য নির্মিত আর এতে ভালো সিনেমা তার নিজের জায়গা হারাচ্ছে। কিন্তু ক্রিস্টোফার নোলান মনে করেন, এ ধরনের সিনেমা আসলে হলিউডে এক ধরনের স্থিতি তৈরি করছে। সব সিনেমা ভালো আয় করে না বক্স অফিসে। সেখানে তাই নান্দনিক সিনেমার পাশাপাশি আয় করার মতো সিনেমাও থাকা দরকার।

সম্প্রতি অ্যাসোসিয়েট প্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নোলান। সেখানে তিনি বলেন, ‘‌আমার মনে হয় এ ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো বহুদিন ধরে দর্শককে হলে ফিরিয়েছে। বক্স অফিস আয় করেছে এসব সিনেমার মাধ্যমে। অর্থনীতি হলিউডের একটা গুরুত্বপূর্ণ দিক। সেখানে ফ্র্যাঞ্চাইজি সিনেমার গুরুত্ব আছে। এসব থেকে যে আয় হয় তা অন্য সিনেমা নির্মাণ ও বিপণনে সাহায্য করে।’

কিন্তু এমন না যে দর্শক সবসময় কেবল ফ্র্যাঞ্চাইজি সিনেমাই দেখতে হলে যান। তারা সবসময়ই নতুন কিছু চেয়েছেন ও তা গ্রহণ করেছেন। নোলান বলেন. ‘‌সিনেমা দেখতে যাওয়ার ক্ষেত্রে এটা অন্যতম বড় একটা বিষয়। একটা ট্রেলার দেখেই অনেক মানুষ থিয়েটারে যায়, সিনেমাটি সম্পর্কে কোনো ধারণা না রেখেই। কারণ তার মনে হয় এখানে নতুন কিছু থাকতে পারে। এ থ্রিল তারা সবসময়ই পছন্দ করে। হলিউডে সবসময়ই প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন ধারার সিনেমার দর্শক ছিল। আমি মনে করি এখানে একটা স্বাস্থ্যকর সহাবস্থান আছে।’

দর্শক নিজের মতো করে সিনেমা দেখতে যান থিয়েটারে। প্রত্যেকের থাকে আলাদা পছন্দ ও চাহিদা। এ নিয়ে নোলান বলেন, ‘‌আমরা সবাই সিনেমা দেখার সময় ভিন্ন আশা নিয়ে যাই। কারো সঙ্গে কারোর মেলে না। সিনেমায় যাওয়ার সময় মাথায় থাকে, গত সপ্তাহের তুলনায় নতুন কিছু আসবে এবার। আমাদের হরর, কমেডি, অ্যাকশন, ডুকমেন্টারি সবই আছে। আরো যত নতুন সিনেমা আসবে সেটা সিনেমার জন্যই ভালো।’

এ বছরের শুরুর দিকে সুপারহিরো সিনেমার বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছিলেন মার্টিন স্করসেসি। সেখানে তিনি নোলানের নাম করেছিলেন ভিন্ন ধারার সিনেমা নির্মাতা হিসেবে। অ্যাসোসিয়েট প্রেস সে প্রসঙ্গ টেনেই নোলানকে ফ্র্যাঞ্চাইজি সিনেমার বিষয়ে প্রশ্ন করলে নোলান এসব কথা বলেন। মজার ব্যাপার, সুপারহিরো সিনেমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নোলানকে ভিন্ন ধারার সিনেমা নির্মাতা বললেও স্করসেসি হয়তো ভুলে গিয়েছিলেন বৃহত্তর অংশের দর্শক নোলানকে চেনে ‘‌ব্যাটম্যান ট্রিলজি’র নির্মাতা হিসেবে।

সূত্র: ডেডলাইন