অভিষেক সিনেমা সাইয়ারা দিয়ে আলোচনায় এসেছেন অনীত পদ্দা। আহান পান্ডে ও অনীত পদ্দার এ সিনেমা বক্স অফিসে বহু রেকর্ড ভেঙেছে। আহান ও অনীতকে নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ তুঙ্গে। তবে এবার অনীতের একটি বিষয় নিয়ে সমালোচনা হলো সামাজিক যোগাযোগমাধ্যমে। অনীত পদ্দা সম্প্রতি ২০২৫ ল্যাকমে ফ্যাশন উইক গ্র্যান্ড ফিনালেতে র্যাম্পে হেঁটেছেন। ডিজাইনার তরুণ তাহিলিয়ানির শোয় তার র্যাম্প অভিষেক হলো। তবে র্যাম্পের অনীতকে পছন্দ হয়নি দর্শকের।
অনীত পদ্দা ওইদিন পরেছিলেন একটি সোনালি রঙের ঝলমলে কনসেপ্ট শাড়ি। এটি ডিজাইন করেছিলেন তরুণ তাহিলিয়ানি। ডিজাইনারের মতে, পোশাকটি তৈরি হয়েছে ভারতীয় ঐতিহ্যবাহী ড্রেপের চিরন্তন সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে। এর মধ্যে ছিল মেটালিক সিকুইন এবং সূক্ষ্মভাবে বসানো সোয়রভস্কি ক্রিস্টালের কাজ। অনীতের মেকআপ ছিল ঝলমলে, তবে অতিরিক্ত নয়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি দিতেই ছিল যেন তার সৌন্দর্যের পূর্ণতা। তবে নেট দুনিয়া ভীষণভাবে হতাশ হয়েছে অনীতের র্যাম্প ওয়াক দেখে।
অনীতের ভাইরাল র্যাম্প ওয়াক ভিডিওর নিচে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দেখতে সুন্দর কিন্তু মানতেই হবে, ওয়াকটা একদমই ভালো না। ডিজাইনাররা কেন মডেলদের কাজ মডেলদের হাতেই ছাড়েন না?’
আরেকটি মন্তব্যে লেখা হয়েছে, ‘তার ওয়াক ভয়ংকর খারাপ, এখন আর কি কোনো র্যাম্প ওয়াক কোরিওগ্রাফার থাকে না? র্যাম্পে ওঠার আগে কি একটুও অনুশীলন হয় না? শুধু ও নয়, আজকালকার সব নতুন অভিনেত্রীদের র্যাম্প ওয়াক একেবারে দুর্বল।’
আরেকজন লিখেছেন, ‘এ সুন্দর পোশাকের সঙ্গে আরো একটু অনুশীলন করলেই ভালো লাগত, কিন্তু র্যাম্প ওয়াকটা হতাশাজনক।’
তবে সিনেমায় অনীত এগিয়ে আছেন। শোনা যাচ্ছে অনীত পদ্দা ম্যাডক হরর কমেডি ইউনিভার্স-এর পরবর্তী প্রজেক্ট শক্তি শালিনী-তে কিয়ারা আদভানির জায়গায় অভিনয় করতে চলেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










