গ্র্যামি জিতে গ্রেফতার হলেন কিলার মাইক। এমন নয় যে গ্র্যামির জন্য গ্রেফতার হয়েছেন। গ্র্যামির মঞ্চে ঢোকার আগে ঘটানো কাণ্ডের কারণে গ্রেফতার হয়েছিলেন এ র্যাপার। ৪ ফেব্রুয়ারি বসেছিল গ্র্যামির আসর আর সেখানে তিনটি গোল্ডেন গ্রামোফোন জেতেন কিলার মাইক। কিন্তু ক্রিপ্টোকম অ্যারেনা থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। তার বিরুদ্ধে আনা হয় মিসডেমেনর ব্যাটারি চার্জ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের রীতি অনুসারে, কারো সঙ্গে সহিংসতায় জড়ানো ও শারীরিকভাবে আঘাত করাকে মিসডেমেনর ব্যাটারি চার্জ বলা হয়। কিলার মাইক নামে পরিচিত মাইকেল রেন্ডারকে এমনই এক ঘটনায় গ্রেফতার করে কিছু সময়ের জন্য পুলিশি হেফাজতে রাখা হয় এবং এরপর তাকে মুক্তি দেয়াও হয়।
মূলত গ্র্যামির আসরে আসার আগে মাইক একটি ঝামেলায় জড়ান। এ মামলার জন্য একজন অভিযুক্তের ২ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও ছয় মাসের জেল বা উভয় দণ্ড হতে পারে। এদিকে কিলার মাইককে গ্রেফতারের পর লস অ্যাঞ্জেলেস পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে বলা হয়, ৪৮ বছর বয়সী মাইকেল রেন্ডাকে গ্রেফতার করা হয়েছিল মিসডেমেনর ব্যাটারি ১৪৩ (এ) পিসি অনুসারে। যাবতীয় নিয়ম মেনে এরপর তাকে মুক্তও করা হয়েছে।
এর আগে ক্রিস গার্ডনার একটি ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, গ্র্যামি থেকে বের হওয়ার সময় মাইককে কয়েকজন উর্দিধারী পুলিশ সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। মাইক তখন তার ইনস্টাগ্রামে গ্র্যামি জয়ের পোস্ট শেয়ার করছিলেন।
৬৬তম গ্র্যামিতে সেরা র্যাপ গান ও সেরা র্যাপ পারফরম্যান্সের জন্য মাইকেল রেন্ডা পুরস্কৃত হন।










