জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের রজতজয়ন্তী উদযাপনে এরই মধ্যে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। তাদের পথচলার ২৫ বছরে সেখানের ডেনভার শহরে গতকাল কনসার্ট করেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোড়ন ফেলেছে দলটি।

গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পারডু বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কনসার্ট করে আর্টসেল।

ভার্জিনিয়ায় গত ২২ সেপ্টেম্বর দ্বিতীয় কনসার্ট ও ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস শহরে তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হয় তাদের। এরপর ৫ ও ১১ অক্টোবর ডালাস ও হিউস্টনে এবং ১৪ অক্টোবর ফিলাডেলফিয়ায় কনসার্ট করে দলটি।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে দেশের এক গণমাধ্যমে আর্টসেল ব্যান্ডের লিড গিটারিস্ট ফয়সাল বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা এরই মধ্যে সাতটি কনসার্ট করেছি। শ্রোতাদের কাছ থেকে অভাবনীয় ভালোবাসা পাওয়ার পাশাপাশি প্রতিটি শো শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ছিল। এমন একটি অভিজ্ঞতা আমাদের সত্যিই মুগ্ধ করছে। কারণ যুক্তরাষ্ট্রে এর আগে আমরা কখনো কনসার্ট করিনি। প্রথমবার এসে এত ভালোবাসা পাব, তা সত্যিই কল্পনা করিনি।’

তিনি জানান, ২৩ অক্টোবর আর্টসেল ভার্জিনিয়ায় শ্রোতাদের অনুরোধে আরো একটি কনসার্ট করবে। এছাড়া ২৬ অক্টোবর নিউইয়র্ক কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্র সফর। এরপর ২৯ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

১৯৯৯ সালে প্রথম অভিষেক হয় জনপ্রিয় এ ব্যান্ডের। কয়েকজন সংগীতপ্রেমী যুবক মিলে যাত্রা শুরু করেন আর্টসেলের।

২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ শিরোনামে প্রকাশ হয় তাদের দ্বিতীয় অ্যালবাম। এর দীর্ঘ ১৭ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’। কনসার্ট মাতানোর কারণে বেশ খ্যাতি রয়েছে দলটির।