ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই ভক্তদের আনন্দের খোরাক। গত সোমবার ভারতের টি সিরিজের একটি সিস্টার প্রতিষ্ঠানে মুক্তি পেয়েছে তার ‘দরদ’ সিনেমার হিন্দি গান। একই সঙ্গে বাংলাদেশের টাইগার মিডিয়ায়ও মুক্তি পেয়েছে একই সিনেমার আরো একটি বাংলা গান ‘‌এই ভাসাও’। এ দুটি গান নিয়েই যখন মেতে উঠলেন তার ভক্তরা, ঠিক সে সময়েই পশ্চিমবঙ্গের এসকে মুভিজের একটি আয়োজনে মধ্যমণি হয়ে উঠলেন শাকিব খান।

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালে ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে জমকালো আয়োজন করে জানানো হয় সেসব সিনেমার নাম। আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামি শিল্পী ও পরিচালকরা।

সেখানে শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অণির্বান, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা,৷পায়েলদের মতো প্রথম সারির তারকা। আরো ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা।

আয়োজনে পশ্চিমবঙ্গের তারকাদের ভিড়ে মধ্যমণি হয়ে ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘‌বরবাদ’ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশীদের গর্ব মেগাস্টার সম্মোধন করে ডেকে নেন।

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ সিনেমা নিয়ে বলেন, ‘‌১৫ নভেম্বর বাংলাদেশ-ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় ১ ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে।’

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, ‘‌যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।’

এদিকে সেখানকার ১৮টি সিনেমার মধ্যে শাকিবের সিনেমা থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী, নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।