মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান তিনি। তবে এবার অভিনয় ছাড়তে যাচ্ছেন অহনা! সম্প্রতি ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় এ অভিনেত্রী জানান, তিনি আর অভিনয় করতে চান না। অন্যদিকে মনোযোগ দেবেন।
অহনা রহমান প্রবাসের স্ত্রী নাটক প্রসঙ্গে বলেন, ‘বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে। আমরা কেউ শেয়ার দিইনি। তার পরও নাটকটি দর্শক দেখেছে। দর্শক পছন্দের পাশাপাশি অনেক প্রশংসা করেছেন।’
এরপর অভিনয়ের বিষয়ে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইব না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতা আসছে তাদেরও দেখা উচিত।’
নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, সবসময় দেখানো হয় যে কোনো ব্যক্তি বিদেশে থাকে তার মানে তার বউ খারাপ পরকীয়া করে।
বউরা ভালো হওয়া সত্ত্বেও এসব কথা শুনতে হয়। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছেন।
এরপর অহনা বলেন, ‘মোশারফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে আমি বাংলাদেশের এমন একটা মানুষের সঙ্গে কাজ করেছি যিনি বাংলাদেশের সম্পদ। সে আমার শিক্ষক, বড় ভাই, কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক।’
প্রবাসীর স্ত্রী নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। প্রবাসীর স্ত্রী নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সে নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।










