বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনায়েদ খান। চলতি বছরেই চলচ্চিত্র জগতে তার বহুল প্রত্যাশিত অভিষেক ঘটেছে। শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে জুনায়েদ অভিনীত সিনেমা ‘মহারাজ’। সিনেমাটি ঐতিহাসিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। তবে এরই মধ্যে তিনি তার পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যদিও সিনেমার নাম জানা যায়নি, তবে এবার রোমান্টিক কমেডি সিনেমায় দেখা যাবে আমিরপুত্র জুনায়েদকে। সিক্রেট সুপারস্টার ও লাল সিং চাড্ডার মতো ব্লকমাস্টার সিনেমা নির্মাতা অদ্বৈত চন্দনের পরিচালনায় তৈরি হবে এ সিনেমা। সেখানে জুনায়েদের বিপরীতে দেখা যাবে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে খুশি কাপুরকে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমার শুটিংয়ের প্রাথমিক পর্বটি মুম্বাইয়ে হয়েছিল। সেখানকার মীরা রোডের সেভেন ইলেভেন ক্লাবের ব্যাংকুয়েট হলটি ছিল প্রথম কিছুদিনের শুটিংয়ের জায়গা। তাছাড়া বর্ষার ব্যাঘাত এড়াতে জুনের মধ্যেই সমস্ত আউটডোর শুটিং শেষ করার ভাবনা রয়েছে।
সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ‘মুম্বাইয়ে শুটিংয়ের প্রথম ধাপ শেষ হয়েছে এবং এখন এ জুটি দিল্লীতে শুটিং করছেন। দিল্লিতে অভিনেতা জুনায়েদ ও খুশির মধ্যকার রোমান্টিক দৃশ্যগুলো নিয়েই কাজ চলছে। আগামী ১০-১২ দিন সেখানেই তারা অবস্থান করবেন। সিনেমায় বেশির ভাগই দিনের বেলার দৃশ্যই রয়েছে। তাই রাতের শুটিং নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই ইনডোর ও আউটডোর শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।’
এছাড়া জানা গেছে, সিনেমার কিছু দৃশ্যের শুটিং ভারতের নয়ডায়ও হবে। নয়ডা সেক্টর ৩০, নার্সারি ও তার আশপাশের কিছু জায়গায়ই শুটিং করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে সিনেমায় কলেজের দৃশ্য ধারণ করতে নয়ডার একটি বিশ্ববিদ্যালয় ও হোস্টেলে কিছু দৃশ্যের শুটিং করা হবে।
তবে চলচ্চিত্রটি ২০২২ সালের তামিল সুপারহিট সিনেমা ‘লাভ টুডে’র হিন্দি রূপান্তর বলে দাবি করা হয়েছে। লাভ টুডে প্রদীপ রঙ্গনাথন পরিচালিত ও অভিনীত সিনেমা। হিন্দি রিমেকের প্রযোজনায় আছেন সৃষ্টি বহল ও ফ্যান্টম ফিল্মস প্রযোজনা সংস্থা।
সূত্র: বলিউড হাঙ্গামা










