আসন্ন স্পোর্টস বায়োপিক ‘৮৩’ ছবির তারকা রণবীর সিং এখন খবরের শিরোনামে। ১৯৮৩ সালে যুক্তরাজ্যের লর্ডসের মাঠে ভারত ও ওয়েস্ট-ইন্ডিজের রুদ্ধশ্বাস ম্যাচ দেখা যাবে ছবিতে। ম্যাচ জিতবে ভারত, এমন বিশ্বাস ছিল না কারো। চমক দেখিয়ে তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়। এর মধ্য দিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতার স্বাদ নেয় ভারত। ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।
মুক্তির অপেক্ষায় রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত বহুল প্রতীক্ষিত ছবিটি। কয়েক সপ্তাহ আগে ছবিটির প্রকাশিত টিজারের প্রথম ঝলকেই সিনেপ্রেমীদের উন্মাদনা আরো বাড়িয়েছে।
এবার মুক্তির ঠিক কয়েকদিন আগে ১৯৮৩ সালে ভারতীয় দলের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প নির্মাতারা কীভাবে সরাসরি সেই দলের সদস্যদের কাছ থেকে বিশদ জেনেছেন, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। সূত্রমতে, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় টিমকে ১৫ কোটি রুপি দিয়েছিল রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। তাদের কাছ থেকে সেই বিশ্বকাপ জয়ের খুঁটিনাটি জানতেই এ সম্মানী দেয়া হয়েছে। কপিল দেবকে দেয়া হয়েছে ৫ কোটি রুপি।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমা নির্মাণের আগে সেই বিষয় সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ, আর তা যদি খেলোয়াড়দের ব্যক্তিগত গল্পের ওপর ভিত্তি করে হয় তাহলে তো অবশ্যই। বিশেষ করে ঘটনাগুলো যখন বাস্তবের মানুষের জীবন ঘিরে, তখন সেই বিষয়ে ভালোভাবে জেনে নেয়াটা জরুরি হয়ে পড়ে। তাই সত্য গল্প জানতে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় টিমকে ১৫ কোটি রুপি দিয়েছিল রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। এবং সেবার ভারতীয় দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া কপিল দেবকে দেয়া হয়েছে এর সিংহভাগ।
১২৫ কোটি রুপির বাজেটে তৈরি হয়েছে ছবিটি। রণবীর সিং ছাড়াও এতে কপিল দেবের স্ত্রী রুমি দেবের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অ্যামি ভিরকের ভূমিকায় বলবিন্দর সিং সান্ধুর, ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান সৈয়দ কিরমানির চরিত্রে কাস্ট করা হয়েছে সাহিল খাট্টারকে ও তাহির ভাসিন-সুনীল গাভাস্কারের চরিত্রে এবং ম্যানেজার পিআর মান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি।
এদিকে ৮৩ সিনেমার ট্রেলার মুক্তির পর আবেগ আপ্লুত হয়েছিলেন ভক্তরা। ট্রেলার দেখে কেঁদেছিলেনও অনেকে। অনেকে লিখেছিলেন, ভাবতেই পারবেন না ১৯৮৩ সালের বিশ্বকাপ আমাদের জন্য কী ছিল।
গত বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য তা পিছিয়ে যায়। ২৪ ডিসেম্বর হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ছবিটি।
সূত্র: বলিউড হাঙ্গামা










