দর্শকদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন মিঠুন চক্রবর্তী। জানালেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কিংবদন্তি ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবিতে নামভূমিকা অর্থাৎ কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করবেন মিঠুন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। গল্পের কাহিনি একই থাকবে, তবে গল্পের মঞ্চ বদলে দেয়া হবে সমসাময়িক প্রেক্ষাপটে। ছবিটি প্রযোজনা করবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।
কলকাতার পাশাপাশি লাদাখের কিছু এলাকায়ও হবে ছবির কিছু অংশের শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে কিছু দৃশ্যধারণ হতে পারে আফগানিস্তানেও। দেশটিতে শ্যুটিংয়ের অনুমতির জন্য এরই মধ্যে চেষ্টা শুরু করেছেন পরিচালক সুমন ঘোষ।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর সুমন ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। এর আগে তার পরিচালনায় ২০১২ সালে মুক্তি পাওয়া ‘নোবেল চোর’ ছবিতে দেখা গিয়েছিল মিঠুনকে।










