বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে অপহরণের ছক কষেছিলেন এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর সামীর ওয়াংখেড়ে। গতকাল সামীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি আরো বলেন, অপহরণের ছক কষা হয়েছিল মুক্তিপণ আদায়ের জন্য। তিনি আরো অভিযোগ করেছেন, বিজেপি নেতা মোহিত কম্বোজ এর মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিলেন।
গতকাল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা নবাব মালিক বলেন, ওড়িশার একটি কবরস্থানে মোহিতের সঙ্গে দেখা করেছিলেন ওয়াংখেড়ে। তবে ওয়াংখেড়ের ভাগ্য ভালো থাকায় আমরা সেখানকার ভিডিও ফুটেজ পাইনি। তিনি অভিযোগ করেছেন, আরিয়ানকে আটক করে ২৫ কোটি রুপি মুক্তিপণ চাওয়া হয়েছিল এবং সেটা ১৮ কোটিতে রফা হয়। শাহরুখ ৫০ লাখ রুপি দিয়েছিলেনও। কিন্তু একটি সেলফির কারণে সব পরিকল্পনা জলে যায়।
তিনি আরো বলেন, এর পরও সামীর তার ওপর নজরদারির মিথ্যা অভিযোগ করেছেন। অপহরণের ছক কষার সঙ্গে সামীর যুক্ত ছিলেন উল্লেখ করে মহারাষ্ট্রের এ মন্ত্রী বলেন, সামীরের ব্যক্তিগত গুণ্ডা বাহিনীর সদস্য এ মোহিত।
এদিকে এনসিবির স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ানকে ডেকে পাঠিয়েছে। গতকাল বিকাল পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে আরিয়ান হাজির হননি। আজ তার এসআইটির মুখোমুখি হওয়ার কথা।
গতকাল সকালে সামীর ওয়াংখেড়ের পিতা মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মহারাষ্ট্রের এ মন্ত্রী আরিয়ানের গ্রেফতারের শুরু থেকেই বলছিলেন প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের ‘সাজানো নাটক’। আরিয়ান জেলে থাকাকালনী শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নবাব মালিক।
এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রউত অভিযোগ করেছিলেন, একটি সাদা কাগজে সাক্ষী প্রভাকর সেইলের স্বাক্ষর নিয়েছে এনসিবি। ছেলেকে মাদক কেলেঙ্কারি থেকে উদ্ধার করতে শাহরুখের কাছে ২৫ কোটি রুপি চাঁদাও দাবি করা হয়েছে। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে মাদক মামলায় নবাব মালিকের জামাতাকে আটক করে এনসিবি। তিনি ছাড়া পান সেপ্টেম্বরে।
গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানসহ মোট আটজনকে আটক করে এনসিবির একটি দল। সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন সামীর ওয়াংখেড়ে। এরপর কয়েক দফা মামলার শুনানি হয়। তবে জামিন পেতে দেরি হয় আরিয়ানের। ফলে প্রায় এক মাস জেলেই কাটাতে হয়েছে আরিয়ানকে। জেলে থাকাকালীন আরিয়ান ওয়াদা করেন, জেল থেকে বের হয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন তিনি। এরপর গত ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান খান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










