৩ মে মুক্তি পেয়েছিল বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা ‘শ্যামা কাব্য’। সিনেমাটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জেনি, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলাসহ আরো অনেকে। সিনেমাটি মুক্তির আগে গত ৩০ এপ্রিল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনী হয়। এতে অনেকেই সিনেমাটি দেখে এর গল্প, নির্মাণশৈলী, গান ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেন।
এরই মধ্যে সৌদ আবারো কয়েকজন বিশেষ ব্যক্তিত্বকে সিনেমাটি উপভোগ করতে নিমন্ত্রণ করেন। তারা আবার ১০ মে রাজধানীর যুমনা ব্লক বাস্টারে বিকালের শোয়ে শ্যামা কাব্য উপভোগ করেন। সিনেমাটি দেখতে উপস্থিত হয়েছিলেন ফেরদৌস আহমেদ, তারিন জাহান, সাজু খাদেম, রওনক হাসান, সাইমন সাদিক, আজমেরী হক বাঁধন, সোহানা সাবা, উত্তম গুহসহ আরো অনেকে। সবাই ভীষণ মনোযোগ দিয়েই সৌদ নির্মিত সিনেমাটি উপভোগ করেন। নায়ক সাইমন সাদিক বলেন, ‘আমি একজন দর্শক হয়ে সিনেমাটি উপভোগ করেছি। যদিও এটা সব শ্রেণীর দর্শকের সিনেমা নয়, কিন্তু আমি পুরোপুরি ইনভলবড হয়ে গিয়েছিলাম। আমি বিশেষত সোহেল মণ্ডলের কথা বলব, একজন আউট স্ট্যাণ্ডিং অভিনেতা। পুরোটা সময় সোহেল তার চরিত্রে ডুবে ছিলেন, একটা সেকেন্ডের জন্যও তার চরিত্র থেকে বের হননি। এটা পরিচালকের কৃতিত্ব। সত্যিই সোহেলের অভিনয় দেখে মুগ্ধ আমি, যদি আরো সহজভাবে বলতে হয়, তাহলে বলতে হবে যে তার অভিনয় দেখে আমার মাথা নষ্ট। এত ভালো অভিনয় কীভাবে করেন। অনেক অনেক শুভ কামনা রইল সোহেল মণ্ডলের জন্য।’ আরো যারা সিনেমাটি উপভোগ করেছেন তারা সবাই, বিশেষত শ্যামা কাব্য নিয়ে তাদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। এদিকে সাইমন সাদিক গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলচ্চিত্র পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করেন।










