প্রশান্ত নীল এ মুহূর্তে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা সালার নিয়ে। সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে এবং এর মধ্যে দর্শকের কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ সিনেমার তালিকায় থাকছে এটি। কিন্তু প্রশান্ত নীল এর আগে আরেকজনকে তৈরি করেছিলেন মোস্ট ওয়ান্টেড হিসেবে। কেজিএফের রকি ছিলেন তার মোস্ট ওয়ান্টেড। সিনেমাটির দুটি পর্ব নির্মাণ করেছেন তিনি। দুটিই ভারতের ব্যবসাসফল সিনেমার মধ্যে তালিকার শীর্ষে। এর মধ্যে কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের কাছে পিছিয়ে পড়েছিল শাহরুখ খানের জিরো। এরপর কেজিএফের পুরোটাই ইতিহাস। চ্যাপ্টার টুর পর দর্শকের প্রশ্ন ছিল চ্যাপ্টার থ্রি আদৌ আসবে কিনা। প্রশান্ত নীল এবার জানালেন তৃতীয় পর্বের চিত্রনাট্য চূড়ান্ত করেছেন তিনি।

পিংকভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে নীল জানিয়েছেন কেজিএফ: চ্যাপ্টার থ্রি নির্মিত হবে। তিনি এর চিত্রনাট্য এরই মধ্যে লিখে শেষ করেছেন। প্রশান্ত বলেন, ‘আমি জানি না সিনেমাটি আমি পরিচালনা করব কিনা। কেননা পরিচালনার বিষয়টি আরো অনেক বিষয়ের ওপর নির্ভর করবে। তবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে কেন্দ্রীয় চরিত্রে যশ থাকবেন। তবে মোটের ওপর কথা হলো কেজিএফ থ্রি হচ্ছে।’

কিন্তু সিনেমাটি আসলেও নির্মাণ হবে কিনা তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু না বলার কারণও জানান প্রশান্ত। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমরা আগে থেকে বেশি কথা বলতে চাইনি। সিনেমার স্বার্থেই আমরা চুপ থেকেছি।’ 

কিন্তু সিনেমাটি প্রশান্ত পরিচালনা করতে পারবেন কিনা তা আসলেই বড় প্রশ্ন। কেননা নীলের পরবর্তী প্রজেক্ট জুনিয়র এনটিআরের সঙ্গে। সিনেমাটির নাম দেভারা। এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। প্রশান্ত নীল বলেন, ’সালারের পর আমি দেভারা নিয়ে ব্যস্ত হব। ২০২৪ সালের মাঝামাঝি এর শুটিং শুরু হবে।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস