কানাডার টরন্টোতে গতকাল শুরু হয়েছে অষ্টম টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ২৮ আগস্ট পর্যন্ত। উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হয় কানাডিয়ান নির্মাতা ম্যাথিউ র্যাঙ্কিনের ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। ২০২৪ সালে নির্মিত সিনেমাটি সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। উদ্বোধনী দিনে কানাডার এ সিনেমার সঙ্গে ইরানের ‘ব্লাইন্ড স্পট’, জার্মানির ‘মাদার লাভ’ এবং বাংলাদেশের দুটি চলচ্চিত্র, যার মধ্যে পূর্ণদৈর্ঘ্য ‘আম কাঁঠালের ছুটি’ প্রদর্শিত হয়।
পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে দেখানো হবে বাংলাদেশের আরেক সিনেমা আগন্তুক। এটি পরিচালনা করেছেন বিপ্লব সরকার এবং প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব নিজে। সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ আরো অনেকে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মাজাহারুল রাজু। শিল্প নির্দেশনা দিয়েছেন ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়। সাউন্ড ডিজাইন করেছেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনা করেছেন শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার।
আগন্তুক আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ২০২৩ সালে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে স্থান করে নেয়। ২০২২ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুম রিকমেন্ডস বিভাগে পোস্টপ্রডাকশন স্টেজে সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। ভ্যারাইটি ও স্ক্রিন ডেইলির মতো আন্তর্জাতিক বিনোদন পোর্টালগুলো সিনেমাটির প্রশংসা করেছে।










