টেলিভিশন সিরিজ এখন চলে এসেছে ওটিটিতে। টেলিভিশনে চলা সিরিজেও পরিবর্তন আসছে। বাড়ছে বাজেট। এর মধ্যে কোনো কোনো সিরিজ আবার সিনেমার চেয়েও বেশি জনপ্রিয় হয়। ২০২৩ সালে বেশকিছু সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ভ্যারাইটির সেরা দশে আছে ‘দ্য গিল্ডেড এজ’, ‘দ্য সিক্সটিন নাইনটিন প্রজেক্ট’, ‘লেসনস ইন কেমিস্ট্রি’, ‘আ মার্ডার অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’, ‘জেন ভি’, ‘ফেলো ট্র্যাভেলার্স’, ‘আই অ্যাম আ ভারগো’, ‘আ স্মল লাইট’, ‘হার্ট স্টপার’ ও ‘দ্য লাস্ট অব আস’।
দ্য গিল্ডেড এজ প্রচার হয়েছে এইচবিওতে। সিরিজটিকে অনেকেই খুব একটা পাত্তা দেয়নি শুরুতে, কিন্তু এর নানামাত্রিক বাঁক ও অভিনেতাদের পারফরম্যান্সের কারণে এগিয়ে রাখা হচ্ছে। এ সিরিজে কৃষ্ণাঙ্গদের জীবন ও নানা চ্যালেঞ্জ উঠে এসেছে।
দ্য সিক্সটিন নাইনটিন প্রজেক্ট প্রচার হয়েছে হুলুতে। এটি মূলত ছয় পর্বের একটি সিরিজ। সেখানে নানা জটিলতার বিষয় এনেছেন সিরিজের লেখক ও নির্মাতারা। এতে আমেরিকার কৃষ্ণাঙ্গদের জীবনও এসেছে। এর মধ্যেই থাকে পুঁজিবাদ ও আঞ্চলিক ইতিহাস। এসব কারণেই সিরিজটি নিয়ে দর্শক আগ্রহী হয়েছে। সমালোচকদের কাছে গুরুত্ব পেয়েছে সিরিজটি।
ব্রি লারসন অভিনীত সিরিজ লেসনস ইন কেমিস্ট্রি। সিরিজটি প্রচার হয়েছে অ্যাপল টিভি প্লাসে। এটি গত শতকের দ্বিতীয় দশকের প্লটে নির্মিত। সে সময়কার শহুরে জীবনের প্রতিচ্ছবি পাওয়া যায় এ সিরিজে।
দর্শকের সাধারণ পছন্দ থ্রিলার ও মার্ডার স্টোরি। সে রকমই একটি সিরিজ আ মার্ডার অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড। সিরিজটি প্রচার হয়েছে এফএক্সে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন এমা করিন ও ক্লাইভ ওয়েন। সিরিজটি কিছুটা ভিন্নধর্মী। প্রচলিত মার্ডার মিস্ট্রির সঙ্গে এর কিছু পার্থক্য আছে। সে কারণে দর্শকের পছন্দের তালিকায় থাকছে।
প্রাইমের ‘জেন ভি’ তুলনামূলক তরুণদের সিরিজ। তরুণ বা কিশোরও বলা যায়। টিনএজ ড্রামা বা সিরিজ সাধারণত নেটফ্লিক্সে বেশি দেখা যায়, কিন্তু প্রাইমও এক্ষেত্রে ভালো কাজ করছে। জেন ভি এর উদাহরণ।
থমাস ম্যালোনের বই ‘ফেলো ট্র্যাভেলার্স’ অবলম্বনে নির্মিত সিরিজ ফেলো ট্র্যাভেলার্স। এটি মানুষের ভিন্ন ধরনের সম্পর্কের কথা বলে। অ্যামাজন প্রাইমের ‘আই অ্যাম আ ভারগো’ আবারো সেই কৃষ্ণাঙ্গ জীবনের কথা বলে। এছাড়া এখানে এক তরুণের জীবন ও তার বেড়ে ওঠার গল্পও পাওয়া যায়।
ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচার হওয়া ‘আ স্মল লাইট’ আমাদের নিয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। অ্যানি ফ্র্যাঙ্কের গল্পটা নতুন করে আনা হয়েছে, এখানে যা আসলে ন্যাশনাল জিওগ্রাফিকের পক্ষেই সম্ভব ছিল। নেটফ্লিক্সের টিনএজ ড্রামা হার্টস্টপার। এ সময়ের অন্যান্য টিনএজ ড্রামার মতো হার্টস্টপারও তরুণদের পছন্দের তালিকায় এগিয়ে আছে।
ভ্যারাইটির চোখে সেরা সিরিজ ‘দ্য লাস্ট অব আস’। এটি প্রচার হয়েছে এইচবিওতে। এ সিরিজের মধ্য দিয়ে পেড্রো প্যাসকেল দর্শকের কাছে নতুন করে পরিচিতি পেয়েছেন। এছাড়া সিরিজে আছেন বেলা রামসে ও আনা তর্ভ। অ্যাডভেঞ্চার ঘরানার সিরিজটি দর্শকের পাশাপাশি সমালোচকদের মনোযোগ ও প্রশংসা পেয়ে এরই মধ্যে সেরার তকমা পেয়েছে।
সূত্র: ভ্যারাইটি










