‘কাজলরেখা’ দিয়ে অভিষেক হয়েছে বড় পর্দায়। সিনেমাটিতে প্রধান চরিত্রেই অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। মুক্তির পর থেকেই তিনি প্রশংসিত হচ্ছেন। দর্শকের ভালোবাসায়ও সিক্ত তিনি। ৪০০ বছরের পুরনো গল্প, গান, লোকেশন ও শিল্পীদের সুনিপুণ অভিনয়ে বিশেষত মন্দিরা চক্রবর্তীর অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। মন্দিরার সৌন্দর্য, চরিত্রানুযায়ী গ্ল্যামারাস উপস্থিতি ও প্রথম সিনেমা হিসেবে তার অভিনয় মোহিত করেছে দর্শককে। সিনেমাটি এখনো আগ্রহ নিয়ে দর্শক উপভোগ করছেন। দর্শকের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত তিনি। 

মন্দিরা চক্রবর্তী বলেন, ‘ঈশ্বর আমাকে যে জীবন দান করেছেন, তা সত্যিই সুন্দর। তার কাছে বারবারই কৃতজ্ঞতা প্রকাশ করি এমন সুন্দর একটি জীবনের জন্য। তবে এ জীবনজুড়ে যে মানুষের এত এত ভালোবাসা থাকবে, মানুষ আমার অভিনয়ে মুগ্ধ হবে, আমাকে নিয়ে আলোচনা করবে, আমাতে আগ্রহী হয়ে আমার দিকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে কথা বলবে এমনটা ভাবিনি। মানুষের এ ভালোবাসা, আমাকে ঘিরে এই যে মুগ্ধতা, তা সত্যিই ভীষণ উপভোগ করছি।’

সিনেমাটি মুক্তির পর এক হিসেবে জীবনই বদলে গেছে তার। এ উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, ‘একটা অন্য রকম উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় পার করছি। এ আনন্দ, এ ভালো লাগা ভাষায় প্রকাশের নয়। কাজলরেখা আমার জীবনের নতুন এক অধ্যায়। আমার জীবনজুড়ে থেকে যাবে কাজলরেখা। অনেক অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন সেলিম ভাইকে, আমাকে এমন চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।’