সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিচ্ছেদ হয়েছে কয়েক সপ্তাহ আগে। বিতর্ক পেছনে ফেলে নিজের কাজের ছন্দে ফিরছেন সামান্থা। এমনটা নয় যে বিবাহিত জীবনে তিনি কাজ থেকে দূরে ছিলেন। তবে চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর যেন আরো বড় বড় সব কাজের প্রস্তাব আসতে শুরু করেছে সামান্থার কাছে।
তেলেগু ছবির বড় ব্যানার শ্রীদেবী প্রডাকশনস সম্প্রতি নায়িকানির্ভর একটি ছবির জন্য সামান্থার সঙ্গে চুক্তি করেছে। কিন্তু ছবির জন্য কোনো উপযুক্ত নায়ক পাওয়া যাচ্ছে না। এ ঘটনা সামান্থার বিচ্ছেদের সঙ্গে জড়িত বলে মনে করছেন দক্ষিণের একজন পরিচালক। বলিউড হাঙ্গামা তাকে উদ্ধৃত করেছে, ‘তেলেগু ইন্ডাস্ট্রির প্রভাবশালীরা সবাই চৈতন্যের বাবা নাগার্জুনের সঙ্গে ঘনিষ্ঠ। তারা নাগার্জুনের সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ করতে চাইছেন না। যদিও নাগার্জুন তার সাবেক পুত্রবধূকে যথেষ্টই স্নেহ করেন। কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রির পরিস্থিতি যারা জানেন তারা বুঝবেন যে অনেকেই হয়তো এ কারণে সামান্থার সঙ্গে দূরত্ব রেখে চলবে।’
তেলেগু ইন্ডাস্ট্রির অনেক পর্যবেক্ষক বলছেন, এখন হয়তো তুলনামূলক নতুন কোনো নায়ককে নিয়েই সামান্থাকে ছবি করতে হবে।
এদিকে সামান্থা তার ইনস্টাগ্রাম থেকে নাগা চৈতন্যের সঙ্গে তার সব ছবি মুছে দিয়েছেন। নাগার সঙ্গে বিয়ের ছবি থেকে শুরু করে নিজেদের ছুটি কাটানোর সব ছবি এখন আর সামান্থার ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে না। স্পেন, আমাস্টারডামে কাটানো ছুটি থেকে বড়দিনের উদযাপন—দুজনের একসঙ্গে থাকা কোনো ছবিই আর নেই। তবে বিয়ের একটি ও বন্ধুদের সঙ্গে কিছু গ্রুপ ছবি অবশ্য সামান্থা রেখে দিয়েছেন।
এ মাসের শুরুতে সামান্থা ও চৈতন্য তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। যৌথ বিবৃতিতে তারা প্রাইভেসি রক্ষার অনুরোধ জানান গণমাধ্যম ও ভক্তদের প্রতি। এ বছরের শুরুতেই গুঞ্জন ওঠে দক্ষিণের এ সেলিব্রিটি কাপলের বিচ্ছেদের। সোস্যাল মিডিয়ায় তিনি তার নাম সামান্থা আক্কিনেনি করার মাধ্যমেই এর শুরু।
চৈতন্যের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর সামান্থা দুটো ট্রিপে গিয়েছেন—চার ধাম যাত্রা ও দুবাইতে। প্রথমে গিয়েছিলেন ঋষিকেশ। সেখানকার ছবি নিয়মিত তার ইনস্টাগ্রামে আপলোড করেছেন। যাত্রা শেষে লিখেছেন, দারুণ একটা ট্রিপ শেষ করলাম। হিমালয় আমাকে সবসময় বিস্মিত করেছে। মহাভারত পড়ার পর থেকেই দুনিয়ার এ স্বর্গ, রহস্যে ঘেরা এলাকাটি দেখার ইচ্ছা ছিল।
অন্যদিকে বিচ্ছেদের সপ্তাহ খানেক পর চৈতন্য তার প্রথম জনসম্মুখে আসেন। নিজের ছোট ভাই অখিলের একটি ছবির অনুষ্ঠানে হাজির হন তিনি।
২০১৭ সালে হায়দরাবাদে এনগেজমেন্ট হয়েছিল সামান্থা ও নাগা চৈতন্যের। সে বছর গোয়ায় তাদের বিয়ের অনুষ্ঠান হয়। ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও খ্রিস্টান রীতি অনুসারে তাদের বিয়ে হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস










